
নিজস্ব প্রতিনিধি: কুমিল্লার লাকসামে আলোচিত ধর্ষণ, গর্ভপাত ও অপহরণ মামলার প্রধান আসামি সুফিয়ান মজুমদার শামীমকে (২২) গ্রেপ্তার করে সোমবার (১৯ অক্টোবর) কুমিল্লা আদালতে পাঠিয়েছে লাকসাম থানা পুলিশ। ঢাকার কেরানীগঞ্জ থেকে অভিযান চালিয়ে শামীমকে গ্রেফতার করে এসআরবি। এর আগে গত ২ জুলাই (বুধবার) ভোরে বিশেষ অভিযান চালিয়ে মামলার আরেক আসামি আলামিনকে (২১) গ্রেপ্তার করে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ ফেব্রæয়ারি ১৫ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ করা হয়। থানায় দায়েরকৃত অভিযোগে বলা হয়, অপহরণের পর তাকে জোরপূর্বক ধর্ষণ, শারীরিক নির্যাতন, অবৈধ গর্ভপাত এবং মাদক সেবনে বাধ্য করা হয়। পরে ১০ এপ্রিল প্রথমবার ভিকটিমকে উদ্ধার করা হলেও চিকিৎসাধীন অবস্থায় ২০ এপ্রিল পুনরায় তাকে অপহরণ করা হয়। পরবর্তীতে ২৩ জুন দ্বিতীয়বার ভিকটিমকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ২৪ জুন লাকসাম থানায় মামলা (জিআর-২১) দায়ের করা হয়। মামলায় প্রধান অভিযুক্ত হলেন- সুফিয়ান মজুমদার প্রকাশ শামিম (২২), পিতা: শাহাজাহান মজুমদার, পশ্চিমগাঁও, লাকসাম। অন্যান্য অভিযুক্তদের মধ্যে রয়েছে- আলামিন (২১), পিতা: ওবায়দুল হক, গোবিন্দপুর; শাহাজাহান (৫৫), পিতা: মৃত সিদ্দিক মজুমদার, পশ্চিমগাঁও, লাকসাম।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী বলেন, “মামলার প্রধান আসামি শামীমকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এর আগে ২ নম্বর আসামি আলামিনকে ইতিপূর্বে গ্রেপ্তার করা হয়েছে।”
মামলার বাদী ফারহানা মাহমুদা ঝর্ণা বলেন, “মেয়ের ন্যায়বিচারের জন্য অপেক্ষা করছি। আমি আইজিপি, ডিআইজি (চট্টগ্রাম রেঞ্জ) ও কুমিল্লার পুলিশ সুপারের কাছে বিষয়টি অবহিত করি। এরপর পুলিশ সদর দপ্তর থেকেও যোগাযোগ করা হয়েছে। আমি সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার প্রত্যাশা করছি।”