প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা

জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংলাপে বসতে সচিবালয়ে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধিদল। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে তাঁরা সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে যান।

প্রতিনিধিদলে রয়েছেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হুসাইন।

দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এ তথ্য জানিয়েছেন। পরে এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাতও সাংবাদিকদের জানান, দলের চার নেতা সচিবালয়ে গেছেন।

এর আগে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রসঙ্গ তুলে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তার কথা বলেন।

এরই ধারাবাহিকতায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করছেন প্রধানমন্ত্রী। প্রথম দল হিসেবে এনসিপির সঙ্গে আজকের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। পর্যায়ক্রমে জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনায় বসার কথা রয়েছে তাঁর।

সংলাপের আগে গতকাল রোববার যুক্তরাজ্য থেকে দেশে ফিরে নিজের অবস্থান তুলে ধরেন নাহিদ ইসলাম। তিনি জানান, প্রধানমন্ত্রী জাতীয় ঐক্য নিয়ে কী ভাবছেন এবং বর্তমান পরিস্থিতি মোকাবিলায় তাঁর পরিকল্পনা কী, তা তাঁরা জানতে চাইবেন।

নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার প্রয়োজন। অতীতে যেসব অঙ্গীকার ভঙ্গ হয়েছে, সেগুলোর জন্য ক্ষমা চাওয়ার বিষয়টিও সামনে আনবেন তাঁরা।

এনসিপির পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের সূচনা হিসেবে সংবিধান সংশোধন কমিটি বাতিল এবং সংবিধান সংশোধন পরিষদের শপথ গ্রহণের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরার কথা জানিয়েছেন দলটির আহ্বায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *