
নদীর মাছের স্বাদ যেন একটু আলাদা—এমন ধারণা অনেকেরই। একই প্রজাতির রুই কিংবা কাতলা মাছ নদী ও পুকুরে চাষ করা হলে রান্নার পর স্বাদে পার্থক্য অনুভব করেন অনেক ভোজনরসিক। কিন্তু এই পার্থক্য কি কেবল ব্যক্তিগত পছন্দ, নাকি এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা? গবেষণা বলছে, মাছের খাবার, বেড়ে ওঠার পরিবেশ, শরীরের রাসায়নিক উপাদান ও মাংসের গঠন—সবকিছুই এর স্বাদ নির্ধারণে ভূমিকা রাখে।
মাছের স্বাদ শুধু জিহ্বার অনুভূতির ওপর নির্ভর করে না। মাছের নিজস্ব গন্ধও স্বাদ গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। মাছের মাংসে থাকা গ্লুটামেট, বিভিন্ন অ্যামিনো অ্যাসিড ও ইনোসিন মনোফসফেটের মতো উপাদান উমামি বা বিশেষ সুস্বাদু অনুভূতি তৈরি করে। এসব উপাদানের পরিমাণ মাছের প্রজাতি, খাদ্যাভ্যাস ও পরিবেশ অনুযায়ী পরিবর্তিত হয়।
মাছের খাবারেও লুকিয়ে স্বাদের রহস্য
নদীর মাছ সাধারণত প্রাকৃতিক পরিবেশে খাবার সংগ্রহ করে। শৈবাল, জলজ উদ্ভিদ, পোকামাকড় ও ছোট জলজ প্রাণী তাদের খাদ্যের অংশ। এসব খাবারের পুষ্টি উপাদান মাছের শরীরে জমা হয়ে মাংসের স্বাদ, গন্ধ ও চর্বির গঠনে প্রভাব ফেলে।
অন্যদিকে পুকুরে চাষ করা মাছ সাধারণত নির্দিষ্ট খাদ্যতালিকা অনুসরণ করে বেড়ে ওঠে। ভুসি, খৈল, শস্যজাত উপাদান ও বিভিন্ন প্রোটিনের উৎস দিয়ে তৈরি খাবার তাদের খাদ্যতালিকায় থাকে। ফলে খাবারের উপাদান পরিবর্তনের সঙ্গে মাছের মাংসের স্বাদ ও গন্ধেও পরিবর্তন আসতে পারে।
২০২২ সালে অ্যাকুয়াকালচার সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণায় দেখা যায়, মাছের খাবারে ব্যবহৃত তেলের ধরন পরিবর্তন করলে মাংসে স্বাদ তৈরির বিভিন্ন রাসায়নিক উপাদানেও পরিবর্তন ঘটে।
চাষের মাছে কাদার গন্ধ কেন?
চাষের মাছ নিয়ে ক্রেতাদের অন্যতম অভিযোগ হলো কাদার মতো গন্ধ। এর পেছনে রয়েছে জিওসমিন ও ২-মিথাইলআইসোবর্নিওল নামের দুটি রাসায়নিক পদার্থ।
পুকুরের পানিতে থাকা কিছু ব্যাকটেরিয়া ও শৈবালজাতীয় অণুজীব এসব পদার্থ তৈরি করে। মাছ সেই পানিতে বসবাস করলে পদার্থগুলো তার শরীরে প্রবেশ করে এবং মাংসে জমা হতে পারে। ফলে রান্নার পরও মাছ থেকে কাদা বা স্যাঁতসেঁতে মাটির মতো গন্ধ পাওয়া যায়।
তবে এই সমস্যা শুধু চাষের মাছের ক্ষেত্রে সীমাবদ্ধ নয়। নদী ও হ্রদের মাছেও এমন গন্ধ থাকতে পারে। পুকুরের পানির মান নিয়ন্ত্রণ এবং বাজারজাত করার আগে পরিষ্কার পানিতে মাছ রাখলে এ ধরনের গন্ধ অনেকটাই কমানো সম্ভব।
মাছের মাংসের গঠনও স্বাদে প্রভাব ফেলে
মাছের মাংস কতটা নরম, শক্ত বা রসালো হবে, সেটিও স্বাদ গ্রহণের অভিজ্ঞতায় গুরুত্বপূর্ণ। পেশির তন্তু, যোজক কলা ও চর্বির পরিমাণ মাছের মাংসের গঠন নির্ধারণ করে।
নদীতে মাছকে স্রোতের বিপরীতে চলাচল ও খাবার সংগ্রহ করতে হয়। অন্যদিকে পুকুরে চাষ করা মাছের পরিবেশ তুলনামূলক নিয়ন্ত্রিত। এই ভিন্ন পরিবেশ মাছের বেড়ে ওঠা ও পেশির গঠনে প্রভাব ফেলতে পারে। তবে সব নদীর মাছ শক্ত এবং সব চাষের মাছ নরম—এমন কোনো বৈজ্ঞানিক সিদ্ধান্ত নেই।
গবেষণায় নদীর মাছের পক্ষে কী পাওয়া গেছে?
নদী ও চাষের মাছের স্বাদের পার্থক্য নিয়ে করা একটি তুলনামূলক গবেষণায় পাকিস্তানের বাহাওয়ালপুর অঞ্চলের তিন প্রজাতির কার্প মাছ—রুই, কাতলা ও মৃগেল পরীক্ষা করা হয়।
গবেষকেরা নদী থেকে ধরা এবং পুকুরে চাষ করা মাছের স্বাদ, রং, কোমলতা ও রসালো ভাব মূল্যায়ন করেন। এ পরীক্ষায় ১৫ জন প্রশিক্ষিত পরীক্ষককে মাছের উৎস না জানিয়েই নমুনা পরিবেশন করা হয়েছিল।
ফলাফলে নদীর মাছ বেশ কয়েকটি বৈশিষ্ট্যে বেশি নম্বর পায়। বিশেষ করে নদীর রুই মাছ স্বাদ ও সামগ্রিক গ্রহণযোগ্যতার বিচারে এগিয়ে ছিল। গবেষণায় অংশ নেওয়া ২০০ জন সাধারণ ক্রেতা ও জেলের মধ্যেও ৬১ শতাংশ নদীর মাছ পছন্দ করেন।
তবে গবেষণাটি নির্দিষ্ট এলাকার তিনটি প্রজাতির মাছের ওপর পরিচালিত হওয়ায় এর ফল সব ধরনের মাছের ক্ষেত্রে প্রযোজ্য বলে ধরে নেওয়ার সুযোগ নেই। অন্য গবেষণায় আবার কিছু বৈশিষ্ট্যে চাষের মাছও ভালো ফল করেছে।
নদীর মাছ কি সব সময় বেশি সুস্বাদু?
গবেষণার তথ্য অনুযায়ী, নদীর মাছের স্বাদ ভালো লাগার পেছনে একাধিক বৈজ্ঞানিক কারণ রয়েছে। প্রাকৃতিক খাদ্যাভ্যাস, পানির পরিবেশ, শরীরে জমা পুষ্টি উপাদান এবং মাংসের গঠন—সব মিলিয়ে স্বাদের পার্থক্য তৈরি হতে পারে।
তবে ব্যক্তিগত পছন্দ, শৈশবের খাবারের স্মৃতি ও মাছের উৎস সম্পর্কে আগে থেকে থাকা ধারণাও স্বাদ বিচারে প্রভাব ফেলে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাছের সতেজতা ও সংরক্ষণ। নদীর মাছ হলেই তা সব সময় ভালো হবে, এমন নয়। একইভাবে পরিচ্ছন্ন পরিবেশে সঠিক খাবার দিয়ে চাষ করা টাটকা মাছও স্বাদে অসাধারণ হতে পারে।
অর্থাৎ নদীর মাছের প্রতি মানুষের বিশেষ আকর্ষণের পেছনে যেমন রয়েছে প্রাকৃতিক বৈশিষ্ট্য, তেমনি রয়েছে ব্যক্তিগত অভ্যাস ও স্বাদের অনুভূতি।