
বিদেশে বাংলাদেশের যেকোনো দূতাবাস বা কূটনৈতিক মিশনে গেলেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তাঁর ভাষ্য, দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনসহ বিশ্বের ৮৪টি বাংলাদেশ মিশনের যেকোনোটিতে গেলেই তাঁকে গ্রেপ্তারের মুখোমুখি হতে হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনাসহ বিদেশে অবস্থানরত পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিরা দেশে ফিরলে তাঁদের তাৎক্ষণিক গ্রেপ্তার করা হবে। এ ক্ষেত্রে বিশেষ কোনো পরিবহন বা আনুষ্ঠানিকতার প্রয়োজন হবে না। আইন অনুযায়ী তাঁদের কারাগারে পাঠানো হবে।
শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিকে পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র দিতে সরকার বাধ্য নয়। এ ক্ষেত্রে আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি।
বিদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোকে বাংলাদেশের ভূখণ্ড হিসেবে বিবেচনা করার কথা উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, দেশের ৮৪টি মিশনের যেকোনো একটিতে শেখ হাসিনা গেলে তাঁকে গ্রেপ্তার করা হবে।
শেখ হাসিনা দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে গেলে তাঁকে গ্রেপ্তারের সক্ষমতা সরকারের রয়েছে কি না—এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, তিনি বর্তমানে কোথায় অবস্থান করছেন, তা নিশ্চিতভাবে জানা নেই। তবে কোথায় যাবেন বা কী করবেন, সেটি সরকারের অবস্থান পরিবর্তন করবে না।
ভারতে অবস্থানরত অপরাধীদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারত সরকারের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ চলছে বলেও জানান তিনি। এ ক্ষেত্রে বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় জুলাই-আগস্টের হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী।
শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা নিয়ে প্রকাশিত রয়টার্সের প্রতিবেদনের প্রসঙ্গেও কথা বলেন শামা ওবায়েদ। তিনি বিষয়টিকে রাজনৈতিক স্টান্টবাজি হিসেবে উল্লেখ করে বলেন, দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার হয়ে কারাগারে যেতে হবে। এ বিষয়ে সরকারের অবস্থানের কোনো পরিবর্তন হবে না।
সম্প্রতি শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্যভিত্তিক আইনি প্রতিষ্ঠান মেট্রিক্স তাঁর পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে বাংলাদেশ সরকারের কাছে ই-মেইল পাঠায়। এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার ক্ষেত্রে অন্য দণ্ডপ্রাপ্ত আসামিদের মতোই আইনগত অবস্থান অনুসরণ করা হবে।
তিনি আরও জানান, শেখ হাসিনার বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া আইন মন্ত্রণালয় দেখছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান হলো, দেশে ফিরলে তাঁকে আইন অনুযায়ী বিচারের মুখোমুখি হতে হবে।