
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে বিশেষ পরিস্থিতিতে শিক্ষার উন্নয়নে অবদান, অভিজ্ঞতা ও যোগ্যতা বিবেচনায় এ শর্ত শিথিল করার সুযোগ রাখা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করে। এতে পরিচালনা পর্ষদ গঠন এবং সভাপতি মনোনয়নের প্রক্রিয়া সম্পর্কে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাগুলো অনুসরণের জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোকে বলা হয়েছে।
দেশে মাধ্যমিক ও কলেজ পর্যায়ে ৩৫ হাজারের বেশি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনা, নিয়োগ, ছুটি অনুমোদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে পরিচালনা কমিটির ভূমিকা রয়েছে।
সভাপতি মনোনয়নে যাঁরা অগ্রাধিকার পাবেন
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, কলেজ পর্যায়ের গভর্নিং বডির সভাপতি মনোনয়নের জন্য তিনজন সম্ভাব্য ব্যক্তির নাম ও জীবনবৃত্তান্ত সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠাতে হবে। প্রস্তাবিত তালিকায় থাকতে পারবেন সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মকর্তা, অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ, স্থানীয় শিক্ষানুরাগী, শিক্ষার প্রসারে আগ্রহী বিশিষ্ট ব্যক্তি, সমাজসেবক এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতারা।
জমা দেওয়া তিনটি নামের মধ্য থেকে একজনকে সভাপতি হিসেবে মনোনয়ন দেবে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড।
অন্যদিকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের ক্ষেত্রে সভায় উপস্থিত নির্বাচিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে।
এ ক্ষেত্রে নির্বাচিত সদস্যদের মধ্য থেকে অথবা নির্ধারিত যোগ্যতাসম্পন্ন স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ, প্রথম শ্রেণির কর্মকর্তা, সমাজসেবক কিংবা প্রতিষ্ঠাতাদের মধ্য থেকে সভাপতি নির্বাচনের সুযোগ থাকবে।
আগের নিয়মে পরিবর্তন
এর আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি হওয়ার জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা ছিল না। ২০২৪ সালের মে মাসে প্রবিধানমালা সংশোধন করে এ পদে ন্যূনতম এইচএসসি বা সমমানের যোগ্যতা নির্ধারণ করা হয়।
পরবর্তী সময়ে ২০২৫ সালের আগস্টে যোগ্যতার শর্ত আরও বাড়ানো হয়। তখন গভর্নিং বডির সভাপতি হতে স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি এবং ম্যানেজিং কমিটির সভাপতি হতে স্নাতক বা সমমানের ডিগ্রি বাধ্যতামূলক করা হয়েছিল।
তবে ওই সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে নতুন পরিপত্রের মাধ্যমে বিশেষ ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিল করার সুযোগসহ সভাপতি মনোনয়নের বিষয়ে নতুন নির্দেশনা দেওয়া হলো।
কমিটিতে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার নির্দেশ
পরিপত্রে পুনর্গঠিত গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি ও অ্যাডহক কমিটিতে স্থানীয় পর্যায়ের তিনজন বিশিষ্ট ব্যক্তিকে সদস্য হিসেবে মনোনয়নের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে অন্তত একজন নারী প্রতিনিধি থাকতে হবে।
কমিটির সভাপতি অথবা আহ্বায়ক এ তিনজন সদস্যের মনোনয়ন নিশ্চিত করবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনার ফলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ গঠন ও সভাপতি নির্বাচনের প্রক্রিয়ায় পরিবর্তন আসবে।