
সড়ক, চায়ের দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান কিংবা বসতবাড়ি—কোনো জায়গাই যেন নিরাপদ থাকছে না। আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা ও চাঁদাবাজিকে কেন্দ্র করে অপরাধী চক্রের সংঘাতে ঝুঁকির মুখে পড়ছেন সাধারণ মানুষও। চাঁদা না দেওয়ায় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও রেস্তোরাঁয় হামলা-ভাঙচুরের অভিযোগও উঠেছে।
২৪ ঘণ্টায় সাত এলাকায় গুলি
নভেম্বরের ২৪ তারিখ খুলনায় ছিল সহিংসতার অন্যতম ভয়াবহ দিন। ওই দিন নগরের সাতটি এলাকায় গুলি ছোড়ার ঘটনা ঘটে। সকালে বেলায়েত হোসেন সড়কে মাছ ব্যবসায়ী সাঈদ শিকদারকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পরে দুপুরে লবণচরায় পরিবহন ব্যবসায়ী টুটুলের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা।
বিকেলে সোনাডাঙ্গার মজিদ সরণিতে চাঁদা দাবিকে কেন্দ্র করে পালংকি রেস্তোরাঁয় গুলির ঘটনা ঘটে। সন্ধ্যায় আড়ংঘাটার শোলুয়া স্লুইসগেট এলাকার একটি চায়ের দোকান এবং খানজাহান আলী থানার সোনালী জুট মিলের সামনে গুলি ছোড়া হয়। রাতেও লবণচরা ও দৌলতপুর এলাকায় গুলির ঘটনা ঘটে। দৌলতপুরের কল্পতরু মার্কেটে গুলিতে নিহত হন আবদুল হালিম।
পরদিন ২৫ নভেম্বর দক্ষিণ টুটপাড়ার খ্রিষ্টানপাড়ায় এনজিও কর্মকর্তা মিল্টন বাড়ৈর বাড়ি লক্ষ্য করে ফাঁকা গুলি ছোড়া হয়। চাঁদার টাকা না দেওয়ায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে।
মাসের শুরু থেকেই হত্যাকাণ্ড
নভেম্বরের প্রথম দিন আড়ংঘাটার রায়েরমহল এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা করা হয়। ২ নভেম্বর রূপসার সিংহের চরে গুলিবিদ্ধ দুই তরুণের মরদেহ উদ্ধার করে পুলিশ। ৫ নভেম্বর ডুমুরিয়ার আমভিটা-রামকৃষ্ণপুর এলাকায় চায়ের দোকানে গুলি করে হত্যা করা হয় ঘের ব্যবসায়ী তারিকুল ইসলাম শেখকে।
৮ নভেম্বর নগরের মিয়াপাড়ায় গুলিবিদ্ধ হন রূপসা উপজেলা শিক্ষা কার্যালয়ের হিসাবরক্ষক মশিউর রহমান। ১২ নভেম্বর রূপসার স্বল্পবাহিরদিয়া গ্রামে দোকানে ঢুকে বিএনপি নেতা জাকির হোসেনকে গুলি করে হত্যা করা হয়।
এরপর ১৭ নভেম্বর আড়ংঘাটায় গুলিতে আহত হন ঘের ব্যবসায়ী সোলায়মান শেখ ও রিকশাভ্যানচালক খালেক। ২১ নভেম্বর তেরখাদায় গুলিবিদ্ধ হন বিএনপি নেতা মাফিজুর রহমান। ২৩ নভেম্বর রূপসার রাজাপুরে অপহরণের পর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় রবিউল ইসলামকে।
চাঁদাবাজির টার্গেটে হাসপাতাল-ব্যবসাপ্রতিষ্ঠান
খুলনায় অপরাধীদের তৎপরতা শুধু গোলাগুলির মধ্যেই সীমাবদ্ধ নেই। চাঁদা আদায়ের জন্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানেও হামলার অভিযোগ উঠেছে।
৭ নভেম্বর খানজাহান আলী সড়কের পিটিআই মোড়ে নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে হামলা ও ব্যাপক ভাঙচুর চালায় একদল যুবক। এ সময় রোগী ও স্বজনেরা প্রতিষ্ঠানের ভেতরে ছিলেন। হামলাকারীরা প্রতিষ্ঠানের দরজা-জানালা, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র, টেলিভিশন ও আসবাব ভাঙচুর করে। এক কর্মীর মুঠোফোনও ছিনিয়ে নেওয়া হয়।
এসব ঘটনার প্রতিবাদে ১০ নভেম্বর চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা মানববন্ধন করেন। চাঁদাবাজদের ভয়ে রূপসা এলাকার ১০টি ফার্মেসি তিন দিন বন্ধ রাখার ঘটনাও সামনে আসে।
অস্ত্র উদ্ধার, তবু নিয়ন্ত্রণে আসছে না পরিস্থিতি
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার হলেও সহিংসতা থামছে না। খুলনা মহানগর পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মহানগর এলাকায় ৪৭টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছিল। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৫১টি আগ্নেয়াস্ত্র ও ৩৭৮টি গুলি। এসব ঘটনায় অস্ত্র আইনে ৪৮টি মামলা হয়েছে এবং গ্রেপ্তার হয়েছেন ৮১ জন।
অন্যদিকে জেলা পুলিশ ২৫ নভেম্বর পর্যন্ত ৩২টি আগ্নেয়াস্ত্র ও ৩৯টি গুলি উদ্ধার করেছে। এ ঘটনায় ২০টি মামলা হয়েছে।
গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, খুলনা নগরে এখনো প্রায় ৩০০টি অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের বেশির ভাগই ভারতে তৈরি এবং সচল বলে তাঁদের ভাষ্য।
এদিকে পালংকি রেস্তোরাঁয় গুলির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই দিন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী শহিদুল ইসলাম সিজান ও তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তারের খবরও জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাঁদের কাছ থেকে একটি দেশীয় শুটারগান, চারটি কার্তুজ, গাঁজা ও ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।
চলতি বছরে নিহত ৮১ জন
খুলনায় সহিংসতার ভয়াবহতা বোঝা যায় বছরের হত্যাকাণ্ডের পরিসংখ্যানে। ১ জানুয়ারি থেকে ২৫ নভেম্বর পর্যন্ত মহানগর এলাকায় ৪১ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় ৩৮টি হত্যা মামলা হয়েছে বলে কেএমপি জানিয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, মহানগর এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডের মধ্যে ১৬টি মাদক ও আধিপত্য বিস্তার, ১৩টি পারিবারিক সহিংসতাসহ বিভিন্ন কারণে, একটি চাঁদাবাজি এবং আটটি অন্যান্য কারণে ঘটেছে।
অন্যদিকে জেলা পুলিশের আওতাধীন এলাকায় একই সময়ে নিহত হয়েছেন আরও ৪০ জন। সব মিলিয়ে চলতি বছরের ২৫ নভেম্বর পর্যন্ত খুলনা মহানগর ও জেলায় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ৮১ জন।
একের পর এক হত্যাকাণ্ড, প্রকাশ্যে গুলি, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের বিস্তার খুলনার নিরাপত্তাব্যবস্থাকে বড় প্রশ্নের মুখে ফেলেছে। সাধারণ মানুষের প্রত্যাশা, অপরাধী চক্রের বিরুদ্ধে কার্যকর অভিযান ও অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি এসব ঘটনার নেপথ্যের পরিকল্পনাকারীদেরও আইনের আওতায় আনা হবে।