শেখ হাসিনাকে নিয়ে ভারতও অস্বস্তিতে, প্রত্যর্পণই ফেরার একমাত্র পথ: হুমায়ুন কবির

ঢাকা: শেখ হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে জটিলতা তৈরি হয়েছে, বিষয়টি ভারতও উপলব্ধি করতে পারছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তাঁর দাবি, শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার কারণে দেশটির সরকারও অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়ালের সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, কোনো ব্যক্তির স্বেচ্ছায় দেশে ফেরা এবং প্রত্যর্পণ চুক্তির আওতায় কাউকে ফেরত পাঠানো সম্পূর্ণ ভিন্ন বিষয়। সাধারণ নাগরিকের যাতায়াতের সঙ্গে অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তির প্রত্যর্পণকে একভাবে দেখার সুযোগ নেই। তাঁর মতে, শেখ হাসিনার ক্ষেত্রে প্রত্যর্পণ চুক্তির বিধান কার্যকর হবে।

প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনাসহ অন্যদের দেশে ফিরিয়ে আনতে ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে এখন দিল্লির জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই মাসে তাঁর দেশে ফেরার সম্ভাবনা নেই। বাংলাদেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রত্যর্পণ চুক্তিই একমাত্র পথ। তাঁকে স্বেচ্ছায় ফিরে আসার সুযোগের পরিবর্তে ভারত থেকে হস্তান্তরের মাধ্যমে দেশে আনতে হবে বলে মন্তব্য করেন তিনি।

ভারতে শেখ হাসিনার অবস্থান দুই দেশের সম্পর্কে অস্বস্তি তৈরি করছে উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, একজন ব্যক্তিকে আশ্রয় দেওয়ার পর তাঁর কর্মকাণ্ড ও বক্তব্যের কারণে আশ্রয়দাতা দেশকেও নানা পরিস্থিতি সামাল দিতে হতে পারে। শেখ হাসিনাকে নিয়ে ভারতও এমন চ্যালেঞ্জের মুখে পড়ছে বলে তিনি মনে করেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, ভারতের বক্তব্যে সাধারণ নাগরিক ও অপরাধীদের ফেরত পাঠানোর ক্ষেত্রে পৃথক নীতির বিষয়টি স্পষ্ট হয়েছে। শেখ হাসিনার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাঁকে হস্তান্তর করার পক্ষে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি দেশটিতে অবস্থান করছেন। ২০২৫ সালের ১৭ নভেম্বর জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাঁকে মৃত্যুদণ্ড দেন।

এদিকে, শেখ হাসিনার পরিবার, আওয়ামী লীগ এবং তাঁর সমর্থকদের বিষয়ে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তাঁর ভাষ্য, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থানে কোনো পরিবর্তন নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *