
বেকার তরুণ-তরুণীদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে আটটি ট্রেডে প্রশিক্ষণ কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর। ১৮ থেকে ৩৫ বছর বয়সী নারী-পুরুষেরা এসব প্রশিক্ষণে অংশ নিতে পারবেন। প্রশিক্ষণ চলাকালে দৈনিক উপস্থিতির ভিত্তিতে সরকারি বিধি অনুযায়ী ভাতাও দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে বিকাশ ও রকেটের মাধ্যমে এ অর্থ বিতরণ করা হবে।
যুব উন্নয়ন অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। আগ্রহী প্রার্থীরা ১৫ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। কোর্সভেদে প্রশিক্ষণের মেয়াদ তিন থেকে ছয় মাস।
যেসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে
এবার আটটি ট্রেডে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ থাকছে। এগুলো হলো—
১. কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন: মেয়াদ ছয় মাস। ন্যূনতম এইচএসসি বা সমমান পাস হতে হবে। কোর্স ফি ১ হাজার টাকা।
২. প্রফেশনাল গ্রাফিকস ডিজাইন: মেয়াদ ছয় মাস। ন্যূনতম এইচএসসি বা সমমান পাস। কোর্স ফি ১ হাজার টাকা।
৩. ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউস ওয়্যারিং: মেয়াদ ছয় মাস। ন্যূনতম অষ্টম শ্রেণি পাস। কোর্স ফি ৩০০ টাকা।
৪. ইলেকট্রনিকস: মেয়াদ ছয় মাস। ন্যূনতম অষ্টম শ্রেণি পাস। কোর্স ফি ৩০০ টাকা।
৫. রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং: মেয়াদ ছয় মাস। ন্যূনতম অষ্টম শ্রেণি পাস। কোর্স ফি ৩০০ টাকা।
৬. মডার্ন অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন: মেয়াদ ছয় মাস। ন্যূনতম এইচএসসি বা সমমান পাস। কোর্স ফি ৫০০ টাকা।
৭. পোশাক তৈরি: মেয়াদ তিন মাস। ন্যূনতম অষ্টম শ্রেণি পাস। কোর্স ফি ৫০ টাকা।
৮. গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষিবিষয়ক প্রশিক্ষণ: মেয়াদ তিন মাস। ন্যূনতম অষ্টম শ্রেণি পাস হতে হবে। কোর্স ফি ১০০ টাকা। এর সঙ্গে ১০০ টাকা জামানত দিতে হবে, যা ফেরতযোগ্য।
যেভাবে দেওয়া হবে প্রশিক্ষণ ভাতা
প্রশিক্ষণার্থীদের দৈনিক উপস্থিতির ভিত্তিতে সরকারি বিধি অনুযায়ী ভাতা দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে এ অর্থ বিতরণ করা হবে।
বিভাগভিত্তিক ভাতা বিতরণের মাধ্যম নির্ধারণ করা হয়েছে এভাবে—
- বিকাশ: রাজশাহী, রংপুর, বরিশাল ও খুলনা বিভাগের প্রশিক্ষণার্থীরা।
- রকেট: ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের প্রশিক্ষণার্থীরা।
বিশেষ কোটা ও বিনা মূল্যে প্রশিক্ষণের সুযোগ
প্রশিক্ষণে দলিত সম্প্রদায়ের (সুইপার, ঋষি ও ডোম) যুবদের জন্য ৪ শতাংশ এবং প্রতিবন্ধী, অটিস্টিক ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ৫ শতাংশ কোটা সংরক্ষিত রয়েছে।
এ ছাড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণ-তরুণীরা কোনো কোর্স ফি ছাড়াই প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ পাবেন। যুব সংগঠন কর্তৃক মনোনীত প্রার্থী ও নারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের নিয়ম ও গুরুত্বপূর্ণ তারিখ
আগ্রহী প্রার্থীদের যুব উন্নয়ন অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইটে (ytms.gov.bd) প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে।
প্রান্তিক এলাকার আবেদনকারীরা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, জেলা কার্যালয়, যুব প্রশিক্ষণ কেন্দ্র অথবা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সহায়তায় আবেদন করতে পারবেন।
আবেদনের পরবর্তী কার্যক্রমের সময়সূচি—
- আবেদন শেষ: ১৫ ডিসেম্বর ২০২৬।
- সাক্ষাৎকার: ২০ থেকে ২২ ডিসেম্বর ২০২৬।
- প্রশিক্ষণ শুরু: ১ জানুয়ারি ২০২৭।
সাক্ষাৎকারের সময় প্রার্থীদের নিজ নিজ জেলা কার্যালয়ে মূল সনদপত্র ও সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি নিয়ে উপস্থিত হতে হবে।
তবে আগে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে কোনো প্রশিক্ষণ গ্রহণ করে থাকলে নতুন করে আবেদন করার সুযোগ নেই।