
তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। তাঁদের দাবি, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করতে হবে। বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ আন্দোলনে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশে যান চলাচল ব্যাহত হয়।
সকাল সাড়ে আটটার দিকে গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকায় শ্রমিকেরা প্রথমে বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা মহাসড়কে অবস্থান নিলে দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। একই সময়ে ছয়দানা কলম্বিয়া এলাকায় শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
এ ছাড়া ভোগড়া বাইপাস, চান্দনা চৌরাস্তা, গাজীপুর সদর উপজেলার সালনা ও ভবানীপুর এবং শ্রীপুরের বাঘের বাজার এলাকায় শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ করেন। এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটে।
শ্রমিকদের অবরোধে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন অংশে বেলা সাড়ে ১১টা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ চলছিল। এতে দীর্ঘ যানজটে আটকা পড়ে যাত্রী ও চালকদের ভোগান্তি পোহাতে হয়।
শ্রমিকদের আন্দোলনের প্রভাবে গাজীপুরের অন্তত ২০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকটি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
আন্দোলনরত শ্রমিকদের ভাষ্য, বর্তমান বাজারদরে ১২ হাজার ৫০০ টাকা বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। বাড়িভাড়া, খাবার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের খরচ মেটাতে গিয়ে মাস শেষে তাঁদের হাতে কোনো অর্থ অবশিষ্ট থাকে না। তাই ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তাঁরা।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, সকাল থেকেই জেলার বিভিন্ন স্থানে শ্রমিকদের বিক্ষোভ চলছে। কয়েকটি এলাকায় কাঁদানে গ্যাস ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, অন্তত ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
শ্রীপুরে চার কারখানায় হামলা ও ভাঙচুর
এদিকে শ্রমিক অসন্তোষের মধ্যে গাজীপুরের শ্রীপুরে চারটি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে উপজেলার দক্ষিণ ভাংনাহাটি ও কেওয়া পূর্বখণ্ড এলাকায় এসব ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কারখানাগুলো হলো—হ্যামস গার্মেন্টস লিমিটেড, ঢাকা গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং লিমিটেড, লাক্সমা ইনার ওয়্যার লিমিটেড এবং ক্রিস্টাল মার্টিন অ্যাপারেলস লিমিটেড।
প্রত্যক্ষদর্শীদের একজন আরিফুল ইসলাম জানান, সকালে শতাধিক শ্রমিক লাঠিসোঁটা নিয়ে দক্ষিণ ভাংনাহাটির হ্যামস গার্মেন্টসের সামনে জড়ো হন। একপর্যায়ে তাঁরা কারখানার প্রধান ফটক খুলে ভেতরে প্রবেশ করেন এবং প্রশাসনিক ভবনে ভাঙচুর চালান। একই সময়ে পাশের আরও দুটি কারখানার ফটকেও ভাঙচুরের ঘটনা ঘটে।
হ্যামস গার্মেন্টসের কর্মকর্তা হাবিবুর রহমান জানান, সকালে একদল লোক কারখানার ভেতরে প্রবেশ করে বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায়। পাশের একই গ্রুপের ঢাকা গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং লিমিটেডেও হামলা হয়েছে।
ঘটনার পর কয়েকটি কারখানার ফটকে তিন দিনের ছুটির নোটিশ টাঙিয়ে দেয় কর্তৃপক্ষ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, কারখানায় হামলা ও ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। সেখানে গিয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।
১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্ত
উল্লেখ্য, তৈরি পোশাকশ্রমিকদের বর্তমান ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। মঙ্গলবার রাতে দীর্ঘ বৈঠক শেষে নিম্নতম মজুরি বোর্ড নতুন করে এ মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্ত নেয়। এতে আগের তুলনায় মজুরি ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ বাড়ছে।
তবে মজুরি বোর্ডের সিদ্ধান্ত এখনো কার্যকর হতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন। প্রস্তাবিত নতুন মজুরি কাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকরের কথা রয়েছে। কিন্তু ঘোষিত মজুরিতে সন্তুষ্ট নন শ্রমিকেরা। তাঁদের দাবি, বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে।