শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফেরানোর চেষ্টা চলছে: তথ্যমন্ত্রী

বিদেশে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়া অনুসরণ করেই দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।

তিনি বলেছেন, শেখ হাসিনা বিমানে আসবেন, নাকি অন্য কোনো পথে দেশে ফিরবেন, সেটি সরকারের বিবেচ্য বিষয় নয়। দেশে ফিরতে হলে তাকে অবশ্যই বাংলাদেশের আইন মেনে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উইমেন্স জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বিভিন্ন বক্তব্য ও আলোচনার প্রসঙ্গ তুলে ধরে আন্দালিভ রহমান পার্থ বলেন, এখন পর্যন্ত তার পক্ষ থেকে দেশে ফেরার বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি। কেবল বক্তব্যের মাধ্যমে বিষয়টি আলোচনায় আসছে। আগে বাস্তব পদক্ষেপ নেওয়া হোক, এরপর পরিস্থিতি অনুযায়ী বিষয়টি বিবেচনা করা যাবে।

তথ্যমন্ত্রী বলেন, জনগণের অর্থ লুটপাট ও হত্যার অভিযোগের মুখে শেখ হাসিনা দেশ ছেড়েছেন। এখন তিনি কীভাবে ফিরতে চান কিংবা আদৌ ফিরবেন কি না, তা নিয়ে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। সরকার আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে।

রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন হিসেবে নিজেদের রাজনৈতিক প্রাসঙ্গিকতা ধরে রাখতে বিভিন্ন ইস্যু সামনে আনছে। এর মাধ্যমে সরকারের কার্যক্রম ও দেশের রাজনৈতিক পরিস্থিতিতে অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা কাটিয়ে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার। একই সঙ্গে অর্থনৈতিক অগ্রগতি, জাতীয় নিরাপত্তা ও জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও খাল খননসহ সরকারের বিভিন্ন উন্নয়ন উদ্যোগের কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, এসব কর্মসূচির সুফল দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছাচ্ছে। রাজনৈতিক কর্মসূচি পালন করা দলগুলোর অধিকার থাকলেও এর নামে জনজীবনে অস্থিরতা সৃষ্টি করা উচিত নয়।

বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে ভারতের গণমাধ্যমের সংবাদ প্রকাশ প্রসঙ্গে পার্থ বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয়টি ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে ব্যবহারের প্রবণতা রয়েছে বলে তিনি মনে করেন। বিশেষ করে রাজনৈতিক সংঘাতের ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ জড়িত থাকলে সেটিকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রীর দাবি, ভারতের ক্ষমতাসীন বিজেপির অভ্যন্তরীণ রাজনীতিতে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু রাজনৈতিকভাবে ব্যবহৃত হচ্ছে। এ কারণে বাংলাদেশের বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে বিভ্রান্তিকর চিত্র তুলে ধরা হচ্ছে কি না, তা বিবেচনায় রাখা প্রয়োজন।

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ হিসেবে দুর্গাপূজার কথা উল্লেখ করে তিনি বলেন, সাম্প্রতিক দুর্গাপূজা দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ পরিসরে উদ্‌যাপিত হয়েছে। বিভিন্ন এলাকায় হিন্দু-মুসলমানের মধ্যে সম্প্রীতি ও সহাবস্থান বজায় রয়েছে।

বগুড়ায় বিএনপির একটি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ভারতের গণমাধ্যমে প্রকাশের ধরন নিয়েও কথা বলেন তথ্যমন্ত্রী। তার মতে, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বা বিচ্ছিন্ন ঘটনাকে ভিন্ন প্রেক্ষাপটে উপস্থাপন করে সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে ভুল ধারণা তৈরির সুযোগ দেওয়া উচিত নয়।

তিনি আরও বলেন, জনগণের উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি, জাতীয় নিরাপত্তা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শক্তিশালী করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সরকার ও গণমাধ্যমের মনোযোগ দেওয়া প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *