৮৬ হাজারের বেশি ধর্মীয় প্রতিষ্ঠানের ২ লাখ ৫৬ হাজার কর্মী পাবেন সম্মানী ভাতা

দেশের ৮৬ হাজার ৭০৯টি মসজিদ, মন্দির, গির্জা ও বৌদ্ধ বিহারে কর্মরত ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় নেতা ও সেবাকর্মীকে মাসিক সম্মানী ভাতা দিচ্ছে সরকার। এ কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়ার সদর উপজেলায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

২০২৬-২৭ অর্থবছরে এ কর্মসূচি বাস্তবায়নে ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আগামী চার অর্থবছরের মধ্যে দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানকে পর্যায়ক্রমে এ সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের।

প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য মাসিক সম্মানী এবং প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালু করা হয়েছে। এর মাধ্যমে তাদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে।

চলতি অর্থবছরে কর্মসূচির আওতায় আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধ বিহার ও ৩০১টি গির্জা। এসব প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকারী ধর্মীয় নেতা ও সেবাকর্মীরা নির্ধারিত হারে সম্মানী পাবেন।

কর্মসূচির কাঠামো অনুযায়ী, মসজিদের ইমাম মাসে ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা এবং খাদেম ২ হাজার টাকা করে পাবেন। একইভাবে মন্দির, গির্জা ও বৌদ্ধ বিহারে দায়িত্ব পালনকারী ধর্মীয় ব্যক্তিরাও এ সুবিধার আওতায় থাকবেন।

উপদেষ্টা বলেন, বিশেষ করে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে অনেক ধর্মীয় দায়িত্বশীল ব্যক্তি সীমিত আর্থিক সুবিধার মধ্যে দায়িত্ব পালন করেন। নিয়মিত সম্মানী চালু হলে তাদের জীবনযাত্রায় কিছুটা স্বস্তি আসবে বলে সরকার আশা করছে।

পাইলট প্রকল্প থেকে দ্বিতীয় পর্যায়

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের সম্মানী দেওয়ার কার্যক্রম প্রথমবারের মতো পাইলট প্রকল্প হিসেবে শুরু হয় চলতি বছরের ১৪ মার্চ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন।

প্রাথমিক পর্যায়ে ৬ হাজার ১৭টি ধর্মীয় প্রতিষ্ঠানের ১৩ হাজার ৯৪৯ জন সেবাকর্মীকে কর্মসূচির আওতায় আনা হয়। তাদের মধ্যে ৪ হাজার ৬৮৩ জন ইমাম এবং ৪ হাজার ৩১২ জন মুয়াজ্জিন ছিলেন। অন্যদের মধ্যে খাদেমসহ বিভিন্ন ধর্মীয় সেবাকর্মী রয়েছেন।

পাইলট প্রকল্পের অভিজ্ঞতার ভিত্তিতে পরবর্তী সময়ে কর্মসূচির পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনের পর ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ, ১২ ডিসেম্বর সুনামগঞ্জ এবং ২১ ডিসেম্বর পাবনায় ধর্মীয় নেতাদের হাতে সম্মানী তুলে দেওয়ার কথা রয়েছে।

অর্থ পৌঁছাবে ব্যাংক ও মোবাইল হিসাবে

সম্মানী বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা নেওয়া হয়েছে। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) সফটওয়্যারের মাধ্যমে গভর্নমেন্ট টু পারসন (জি-টু-পি) পদ্ধতিতে অর্থ বিতরণ করা হবে।

সুবিধাভোগীদের তথ্য যাচাই-বাছাই শেষে ব্যাংক হিসাবের মাধ্যমে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) অথবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে অর্থ পাঠানো হবে।

ইসমাইল জবিউল্লাহ জানান, কোনো ধর্মীয় ব্যক্তির হাতে সরাসরি নগদ অর্থ দেওয়া হবে না। প্রত্যেকের নিজস্ব ব্যাংক বা মোবাইল আর্থিক সেবার হিসাবে সম্মানীর টাকা পৌঁছে যাবে। এতে মধ্যস্বত্বভোগীদের সুযোগ কমবে এবং অনিয়ম প্রতিরোধ সহজ হবে।

সুবিধাভোগী নির্বাচনে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) দায়িত্ব দেওয়া হয়েছে। তারা স্থানীয় পর্যায়ে ধর্মীয় প্রতিষ্ঠান ও দায়িত্বশীল ব্যক্তিদের তালিকা তৈরি করছেন। এ কাজে আরও দুজন বিশিষ্ট ব্যক্তি সহায়তা করছেন। তালিকা প্রণয়ন ও প্রতিষ্ঠান নির্বাচনে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা রাখা হয়নি বলে জানিয়েছেন উপদেষ্টা।

চার বছরে সব ধর্মীয় প্রতিষ্ঠান আসবে আওতায়

সরকারি তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট ৩ লাখ ৪৭ হাজার ৩৩৯টি ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ৩ লাখ ৩১ হাজার ১২৫টি মসজিদ, ১২ হাজার মন্দির, ৩ হাজার ১০টি বৌদ্ধ বিহার এবং ১ হাজার ২০৪টি গির্জা।

চলতি অর্থবছরে এসব প্রতিষ্ঠানের প্রায় এক-চতুর্থাংশকে সম্মানী কর্মসূচির আওতায় আনা হচ্ছে। বাকি প্রতিষ্ঠানগুলোকে আগামী চার অর্থবছরে পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

এ কার্যক্রম বাস্তবায়নে ধর্মবিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি কর্মসূচির বাস্তবায়ন তদারকিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে বিশেষ সেল গঠন করা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য এ ধরনের নিয়মিত সম্মানী ব্যবস্থা তাদের আর্থিক নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে ভূমিকা রাখার সুযোগ তৈরি করবে। তবে কর্মসূচির সুফল নিশ্চিত করতে প্রকৃত দায়িত্বশীল ব্যক্তিদের তালিকা তৈরি, তথ্য যাচাই এবং নিয়মিত অর্থ বিতরণে কার্যকর নজরদারি প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *