👁 228 Views

চান্দিনা বাসস্ট্যান্ডে ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

            নিজস্ব প্রতিনিধি\ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা-বাগুর বাসস্টেশনের উভয় পাশে ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। গত শনিবার (১৬ই নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উচ্ছেদ অভিযান চালিয়ে ২ শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে পথচারীদের জন্য ফুটপাত ও সরকারি জায়গা উন্মুক্ত করা হয়।

            জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। এর আগে অবৈধ দোকানপাট সরিয়ে নিতে বলা হয়। অভিযানে নেতৃত্ব দেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. মঈন উদ্দিন এবং সড়ক ও জনপথের উপবিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম ভূঁঞা।

            অভিযোগ রয়েছে, রাজনৈতিক ও স্থানীয় প্রভাব খাটিয়ে মহাসড়কের জায়গা দখল করে স্থায়ী ও অস্থায়ী ২ শতাধিক স্থাপনা নির্মাণ করে প্রভাবশালী মহল। ওই সব স্থাপনায় দোকানভেদে ৫-১০ লাখ টাকা জামানত নিয়ে এবং মাসিক ১০-৩০ হাজার টাকা ভাড়া আদায় করে চলছিল প্রায় যুগের পর যুগ। এ ছাড়া প্রতিবার দখল উচ্ছেদের ২৪ ঘণ্টার মধ্যেই ওই চক্রটি আবারও সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা তৈরি করে মহাসড়কে যান চলাচলে বাধার সৃষ্টি করে।

            সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা জানান, কুমিল্লার চান্দিনা উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ২ পাশে অবৈধভাবে দোকানপাট নির্মাণ করে মহাসড়কের জায়গা দখল করা হয়েছিল। এ ছাড়া অস্থায়ীভাবে দোকানপাট নির্মাণ করে মহাসড়কের বিভাজক ব্যবহার করা হচ্ছিল।

যে কারণে প্রতিনিয়ত এই এলাকায় যানজটে ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। তাই সড়ক ও জনপথ বিভাগ এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা সিনিয়র সহকারী কমিশনার মো. মঈন উদ্দিন জানান, সাধারণ মানুষের ভোগান্তি রোধেই এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মহাসড়কের জায়গায় কেউ যেন অবৈধভাবে দোকানপাট তৈরি করে যানজট কিংবা ভোগান্তি সৃষ্টি না করে সেদিকে সব সময় নজরদারি থাকবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *