চৌদ্দগ্রামে খাল পরিস্কার অভিযান

            নিজস্ব প্রতিনিধি\ বর্ষায় জলাবদ্ধতা থেকে রক্ষায় পানি প্রবাহ ঠিক রাখতে চৌদ্দগ্রাম বাজারস্থ স্বর্পনালা খাল খনন ও পরিস্কার অভিযান করেছে উপজেলা প্রশাসন এবং পৌরসভা কর্তৃপক্ষ। গত শনিবার সারাদিন ‘নিজের আঙ্গিনা, নিজ উদ্যোগে রাখিব পরিষ্কার’-এই প্রতিপাদ্য সামনে রেখে সচেতনতামূলক অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ জামাল হোসেন। অভিযানকালে ভেকু দিয়ে স্বর্পনালা খালের বিভিন্ন পয়েন্টে খনন ও আবর্জনা তুলে গাড়িতে করে অন্যত্র সরিয়ে নেয়া হয়। সরেজমিন গিয়ে দেখা যায়, চৌদ্দগ্রাম বাজারের উত্তর পাশ সংলগ্ন স্বর্পনালা খালে ফ্রিজের ভাঙ্গা অংশ, অকেজো টিভি, ককশিট, ছেঁড়া জুতা, প্লাস্টিকের বোতল, পলিথিনের ব্যাগে ভর্তি বাসা-বাড়ির বর্জ্য, অব্যবহারিত পুরাতন কাপড়, হাসপাতালের সিরিঞ্জ, কাঁচসহ সব ধরনের জিনিসপত্র ফেলা হচ্ছে। এছাড়া যে যার মতো ইচ্ছে বিল্ডিং করার সময় ও দোকান দিয়ে দখল করায় পানি প্রবাহে বাধাগ্রস্ত হচ্ছে। গত বছরের আগষ্টের বন্যায় পৌরবাসীর স্মরণকালের দুর্ভোগ ও মাত্রাতিরিক্ত ক্ষতি হয়েছে। এবারের বর্ষায় ক্ষতির আশঙ্কায় পানি প্রবাহ ঠিক রাখতে ও খাল পরিস্কার রাখতে উপজেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষ চৌদ্দগ্রাম বাজারস্থ স্বর্পনালা খালের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে পরিস্কার করে। দখলমুক্ত খালের পানি প্রবাহ বেড়ে যায়। সচেতনতামূলক পরিস্কার অভিযান করায় ইউএনও মোঃ জামাল হোসেনকে অভিনন্দন জানিয়েছে সচেতন মহল, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সম্মিলিত স্বেচ্ছাসেবীবৃন্দ। ইউএনও বলেন, ‘নিজের আঙিনা নিজে পরিস্কার রাখা দায়িত্ব। এতে করে চার-পাশের পরিবেশ সুন্দর থাকে। আমরা সচেতনতামূলক খাল পরিস্কার অভিযান করেছি। এতে খালের পানি সঠিকভাবে প্রবাহিত হওয়ায় বন্যা থেকে রক্ষা পাবে পৌরবাসী’।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *