👁 207 Views

জুলাই গণ-অভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন ঘোষণা

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, “স্বৈরাচার যেন আর কখনও শিকড় গজাতে না পারে—তার আগেই আমরা যেন তা চিনে ফেলতে পারি। ১৬ বছর অপেক্ষা করার ভুল আমরা আর করব না।”

আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহসহ আরও অনেকে।

অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানের স্মরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে বৃত্তির চেক প্রদান করেন প্রধান উপদেষ্টা। একইসঙ্গে মাসব্যাপী কর্মসূচির পূর্ণাঙ্গ সূচিপত্র সংবলিত একটি কিউআর কোড উন্মোচন করা হয় এবং ‘জুলাই ট্রিবিউট’ শীর্ষক চার মিনিটের একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

প্রধান উপদেষ্টা বলেন, “আজকের এই মাসব্যাপী কর্মসূচির সূচনা কেবল স্মৃতিচারণ নয়—এটি একটি নতুন অঙ্গীকার। গত বছরের জুলাইয়ে দেশের সকল শ্রেণি-পেশা ও বয়সের মানুষ যে ঐক্যের বার্তা দিয়েছিল, এ বছর সেই ঐক্যকে আরও শক্তিশালী করাই আমাদের লক্ষ্য।”

তিনি আরও বলেন, “এই কর্মসূচির মূল উদ্দেশ্য—জনগণকে গণতান্ত্রিক অধিকারের বিষয়ে সচেতন করা, রাজনৈতিক জবাবদিহির দাবি তোলা এবং রক্তের বিনিময়ে অর্জিত সংস্কারকে রক্ষা করা।”

‘জুলাই গণ-অভ্যুত্থান পুনরুত্থান কর্মসূচি’ হিসেবে এ মাসব্যাপী আয়োজনের পরিচয় দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “জুলাই-আগস্টজুড়ে আমরা সেই বীরত্বের দিনগুলোকে স্মরণ করব, যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তারা যে লক্ষ্য নিয়ে রাস্তায় নেমেছিলেন—সেই লক্ষ্যকে বাস্তবায়নের শপথ আবার গ্রহণ করব। আমরা এই আয়োজন প্রতি বছর করব, যেন স্বৈরাচার আর কখনও মাথা তুলতে না পারে।”

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *