
ষ্টাফ রিপোর্টার॥ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ইউনিফর্ম দেয়ার কর্মসূচি আগামী শনিবার (১৬ই আগস্ট) প্রথমবারের মতো উদ্বোধন করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ গত রোববার (৯ই আগস্ট) এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বিদ্যালয়ের বাইরে থাকা শিশুদের শিক্ষার আওতায় আনা এবং শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে বিনামূল্যে স্কুল ইউনিফর্মসহ প্রয়োজনীয় বিভিন্ন সহায়তা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
সরকার এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন ইউনিফর্মের মডেল নির্ধারণ করেছে। মেয়েদের জন্য ফ্রক এবং ছেলেদের জন্য হাফশার্ট ও শর্টসের নকশা করা হয়েছে। ইউনিফর্ম তৈরিতে আরাম, ব্যবহারিক সুবিধা ও একরূপতাকে গুরুত্ব দেয়া হয়েছে।
এর আগে গত ২৯শে এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় নতুন ইউনিফর্মের মডেল উপস্থাপন করা হয়। ওই সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, জুলাই থেকে প্রতিটি উপজেলায় দু’টি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাইলট প্রকল্পের আওতায় বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ শুরু হবে।
সভায় জানানো হয়, শিক্ষার্থীদের প্রয়োজনীয় সামগ্রী সরবরাহে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হয়েছে। প্রতিষ্ঠানগুলো নিজেদের সক্ষমতা অনুযায়ী অনুদান দেয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছে। এরই মধ্যে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এক লাখ শিক্ষার্থীর জন্য স্কুলব্যাগ, পোশাক ও জুতা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
শিক্ষার্থীদের জন্য ইউনিফর্ম, ব্যাগ ও জুতাসহ সমন্বিত সহায়তা নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে আলোচনা হয়েছে। এর মাধ্যমে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য নিরাপদ, সুশৃঙ্খল ও সমান সুযোগভিত্তিক শিক্ষার পরিবেশ তৈরির লক্ষ্য নেয়া হয়েছে।
এদিকে মিড-ডে মিল কর্মসূচি নিয়ে ববি হাজ্জাজ বলেন, পাইলট প্রকল্প বাস্তবায়নের সময় যেসব ত্রুটি ও সীমাবদ্ধতা চিহ্নিত হয়েছে, সেগুলো সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে। একটি পাইলট প্রকল্পের সফলতা শুধু কতজন শিক্ষার্থীর কাছে পৌঁছেছে, তা দিয়ে নয়; বাস্তবায়নের সময় কী সমস্যা চিহ্নিত হয়েছে এবং সেগুলো কতটা কার্যকরভাবে সমাধান করা গেছে, তার ভিত্তিতেও মূল্যায়ন করা প্রয়োজন। প্রাথমিক শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখা এবং তাদের জন্য সহায়ক ও সমান সুযোগভিত্তিক পরিবেশ নিশ্চিত করতে ইউনিফর্ম, স্কুলব্যাগ, জুতা ও মিড-ডে মিলসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। এসব উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো এবং শিক্ষার পরিবেশ উন্নত করার লক্ষ্য নেয়া হয়েছে।