মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে নম্বর লিখতে হবে যেভাবে

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে রেজিস্ট্রেশন নম্বর এক লাইনে লেখার অনুমতি দেওয়ার ক্ষমতা পেয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। পাশাপাশি মোটরসাইকেলের নকশা অনুযায়ী বিভিন্ন মাপের নম্বরপ্লেট ব্যবহারের অনুমতিও দিতে পারবে সংস্থাটি। এ বিষয়ে সংশোধিত বিধিমালা অবিলম্বে কার্যকর করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) প্রকাশিত বাংলাদেশ গেজেটে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে গত ২৮ অক্টোবর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে প্রজ্ঞাপনটি জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১২২ ধারায় দেওয়া ক্ষমতাবলে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৩৬ বিধি সংশোধন করা হয়েছে।

সংশোধিত বিধিমালা অনুযায়ী, মোটরসাইকেলের সামনের অংশে রেজিস্ট্রেশন নম্বর প্রচলিত পদ্ধতির পাশাপাশি একটি আনুভূমিক রেখায় লেখার অনুমতি দিতে পারবে বিআরটিএ। এ ছাড়া মোটরসাইকেলের নকশার সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন দৈর্ঘ্য ও প্রস্থের রেট্রোরিফ্লেক্টিভ নম্বরপ্লেট ব্যবহারের অনুমতিও দিতে পারবে কর্তৃপক্ষ।

নতুন নিয়মে সামনের নম্বরপ্লেটের অক্ষরের উচ্চতা, জেলা বা অঞ্চলের নাম নির্দেশকারী অক্ষরের মাপ, যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের উচ্চতা এবং প্লেটের বিভিন্ন অংশের ফাঁকা জায়গার পরিমাণ নির্ধারণের ক্ষমতা দেওয়া হয়েছে বিআরটিএকে। পাশাপাশি সংখ্যার মধ্যবর্তী দূরত্ব এবং দ্বিতীয় লাইনে নম্বর লেখার ক্ষেত্রে হাইফেনের দৈর্ঘ্যও নির্ধারণ করতে পারবে সংস্থাটি।

একই লাইনে রেজিস্ট্রেশন নম্বর লেখার ক্ষেত্রে জেলা বা অঞ্চলের নাম এবং যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের পর নির্ধারিত দৈর্ঘ্যের হাইফেন ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সড়ক পরিবহন বিধিমালার ৩৬ বিধির উপবিধি (১০) থেকে ‘মোটরসাইকেল এবং’ শব্দ দুটি বাদ দেওয়া হয়েছে। সংশোধিত বিধিমালাটি অবিলম্বে কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *