সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া: কোন এলাকায় কত শতাংশ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে জারি করা প্রজ্ঞাপনে মূল বেতনের সঙ্গে বাড়িভাড়া ভাতার নতুন হারও নির্ধারণ করা হয়েছে। এলাকাভেদে এবং গ্রেড অনুযায়ী এই হার ভিন্ন হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় গ্রেড-২০-এর সর্বনিম্ন ধাপ থেকে গ্রেড-১৬-এর সর্বোচ্চ ধাপ পর্যন্ত চাকরিজীবীরা মূল বেতনের ৬০ শতাংশ বাড়িভাড়া পাবেন। গ্রেড-১৫ থেকে গ্রেড-১০ পর্যন্ত পাবেন ৫০ শতাংশ, আর গ্রেড-৯ থেকে গ্রেড-৫ পর্যন্ত পাবেন ৪৫ শতাংশ

অন্যদিকে গ্রেড-৪ থেকে গ্রেড-১ ও তদূর্ধ্ব গ্রেডের চাকরিজীবীরা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ৪০ শতাংশ বাড়িভাড়া পাবেন।

১১ সিটি ও দুই পৌর এলাকায় হার

খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর, ময়মনসিংহ ও বগুড়া সিটি করপোরেশন এবং সাভার ও কক্সবাজার পৌর এলাকায় বাড়িভাড়ার হার ঢাকার তুলনায় কম রাখা হয়েছে।

এসব এলাকায় গ্রেড-২০ থেকে গ্রেড-১৬ পর্যন্ত চাকরিজীবীরা মূল বেতনের ৫০ শতাংশ, গ্রেড-১৫ থেকে গ্রেড-১০ পর্যন্ত ৪০ শতাংশ, গ্রেড-৯ থেকে গ্রেড-৫ পর্যন্ত ৩৫ শতাংশ এবং গ্রেড-৪ থেকে গ্রেড-১ ও তদূর্ধ্ব গ্রেডের চাকরিজীবীরা ৩০ শতাংশ হারে বাড়িভাড়া পাবেন।

অন্যান্য এলাকায় বাড়িভাড়া

নির্ধারিত সিটি করপোরেশন ও পৌর এলাকার বাইরে অন্যান্য এলাকায় গ্রেড-২০ থেকে গ্রেড-১৬ পর্যন্ত চাকরিজীবীদের বাড়িভাড়া হবে মূল বেতনের ৪৫ শতাংশ

গ্রেড-১৫ থেকে গ্রেড-১০ পর্যন্ত ৩৫ শতাংশ, গ্রেড-৯ থেকে গ্রেড-৫ পর্যন্ত ৩০ শতাংশ এবং গ্রেড-৪ থেকে গ্রেড-১ ও তদূর্ধ্ব গ্রেডের চাকরিজীবীরা ২৫ শতাংশ হারে বাড়িভাড়া পাবেন।

আগের ব্যবস্থার সঙ্গে পার্থক্য

বর্তমান ব্যবস্থায় ঢাকা সিটি করপোরেশন এলাকায় মূল বেতনভেদে বাড়িভাড়ার হার ৫০ থেকে ৬৫ শতাংশ পর্যন্ত ছিল। পাশাপাশি বিভিন্ন বেতনসীমায় ন্যূনতম বাড়িভাড়ার অঙ্কও নির্ধারিত ছিল।

নতুন প্রজ্ঞাপনে মূল বেতন ও গ্রেডের ভিত্তিতে এলাকাভেদে বাড়িভাড়ার হার নির্দিষ্ট করা হয়েছে। অর্থাৎ নতুন বেতন কাঠামোয় একজন সরকারি চাকরিজীবী কোথায় কর্মরত এবং তাঁর গ্রেড কত—তার ওপর বাড়িভাড়া ভাতার পরিমাণ নির্ভর করবে।

নতুন এই বেতন-ভাতা কাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা জুলাই ২০২৬ থেকে বর্ধিত বেতন-ভাতা পাওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *