
ফেনীর পরশুরামে এক জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে ভালো-মন্দ সব ধরনের মানুষ রয়েছে। কিছু মানুষ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে। তবে আইন সবার জন্য সমান—এটি প্রমাণ করতে সরকার সর্বশক্তি দিয়ে কাজ করবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন’ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন দেশে আইনের শাসন ভূলুণ্ঠিত হয়েছে। সেই পরিস্থিতির পরিবর্তন করে ধীরে ধীরে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। তবে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে কোনো কোনো রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, মুহুরী ও কহুয়া নদী পুনঃখননসহ বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পটি বাস্তবায়িত হলে ফেনীর প্রায় সাড়ে চার লাখ মানুষ উপকৃত হবেন। প্রায় ৩৪ হাজার হেক্টর জমিতে সেচসুবিধা বাড়বে এবং কৃষি উৎপাদনও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
কৃষকদের জন্য সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। এতে প্রায় ১৩ লাখ কৃষক উপকৃত হয়েছেন।
সমাবেশে তিনি ফেনীতে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালুর কথাও জানান। পাশাপাশি আগামী পাঁচ বছরে দেশের প্রতিটি উপজেলা হাসপাতালকে ৫০ থেকে ১৫০ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথা তুলে ধরেন।
এর আগে প্রধানমন্ত্রী মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্প উদ্বোধন করেন। পরে ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজে গিয়ে বৃক্ষরোপণ করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।