বিরামপুরে ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু

দিনাজপুরের বিরামপুরে বাড়ির পাশের ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার ২ নম্বর কাটলা ইউনিয়নের উত্তর কাটলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো মালিহা জান্নাত মেহেজাবিন (২) ও তাহিয়া জান্নাত (৩)।

মালিহা একই গ্রামের হুমায়ন কবিরের মেয়ে এবং তাহিয়া তারিকুল ইসলামের মেয়ে। তারা সম্পর্কে প্রতিবেশী। দুই শিশুর বাবাই কৃষক।

স্থানীয়রা জানান, সকালে দুই শিশু বাড়ির সামনের আঙিনায় খেলছিল। এ সময় তাদের মায়েরা ঘরের গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। বাবা ছিলেন বাড়ির বাইরে। খেলতে খেলতে একপর্যায়ে শিশু দুটি বাড়ির সামনের ডোবার কাছে চলে যায়। পরে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।

এ সময় বাড়ির সামনের একটি হাফেজিয়া মাদ্রাসার এক শিক্ষক ডোবায় একটি শিশুকে ভাসতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মালিহাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। পরে ঘটনাস্থল থেকে প্রায় দুই হাত দূরে পানিতে ডুবে থাকা অবস্থায় তাহিয়াকেও উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যরা তাহিয়াকে দ্রুত বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য সাজেদুল ইসলাম বলেন, ‘সকালে দুই শিশু বাড়ির সামনে খেলছিল। তারা কীভাবে ডোবার পানিতে চলে গেছে, পরিবারের কেউ তা টের পাননি। পরে একজন শিক্ষক শিশুকে পানিতে ভাসতে দেখে বিষয়টি জানান।’

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুই শিশুর মৃত্যুর ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়াও সম্পন্ন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিনা খাতুন বললেন, ‘দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শোকসন্তপ্ত দুই পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *