
নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার লাকসামে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। গত সোমবার (৫ই অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি পালন করা হয়। সকালে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং শিক্ষা ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ৪ জন গুণী শিক্ষককে সম্মাননা দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন। সভায় বক্তব্য রাখেন, ফুলগাঁও ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. ইয়াছিন মজুমদার, বিজরা নাজিরিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আমিনুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষিকা এবং সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মাদরাসা ক্যাটাগরিতে দৌলতগঞ্জ গাজিমুড়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আবদুল হান্নান, কলেজ ক্যাটাগরিতে গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রনজিত চন্দ্র দাস, মাধ্যমিক বিদ্যালয় ক্যাটাগরিতে নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন হেলাল এবং মাধ্যমিক মাদরাসা ক্যাটাগরিতে দোগাইয়া আশরাফিয়া সুন্নীয়া দাখিল মাদরাসার ইংরেজি বিষয়ের শিক্ষক মো. শাফায়েত হোসেনকে সম্মাননা স্মারক ও সনদপত্র দেয়া হয়।
এর আগে ইউএনও নার্গিস সুলতানার নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।