৭ই নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

              ষ্টাফ রিপোর্টার\ চলতি বছর থেকে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’- উপলক্ষে সাধারণ ছুটি রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। গত সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

              সিদ্ধান্ত অনুযায়ী, মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সংক্রান্ত পরিপত্রে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হবে।

              বৈঠকে এবারের দুর্গাপূজায় পূর্ব নির্ধারিত ছুটি ও সাপ্তাহিক ছুটির মধ্যে ২২শে অক্টোবর (বৃহস্পতিবার) অফিস খোলার দিনটিতেও ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন হয়েছে। ফলে, এবার দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচদিনের ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা। তবে তার আগের শনিবার (১৭ই অক্টোবর) অফিস খোলা থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।

              সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০শে অক্টোবর মঙ্গলবার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে আগেই ছুটি ঘোষণা আছে। পরদিন ২১শে অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি। এখন ২২শে অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশে ছুটি থাকবে। তাই দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২শে অক্টোবর ছুটি থাকবে। আর ২৩ ও ২৪শে অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ২২শে অক্টোবরের ছুটি অনুমোদন হওয়ায় ২০ থেকে ২৪শে অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি থাকবে। এই ছুটি শুরু হওয়ার আগে সাপ্তাহিক ছুটির দিন শনিবার (১৭ই অক্টোবর) অফিস খোলা থাকবে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *