একই ইউনিয়নের ১০ ফেরিওয়ালার মর্মান্তিক মৃত্যু, টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫

নওগাঁর মান্দা উপজেলার ভাঁরশো ইউনিয়নের ১০ জন ফেরিওয়ালা জীবিকার তাগিদে দেশের বিভিন্ন জেলার গ্রামে গ্রামে সাইকেলে ঘুরে প্লাস্টিকের পণ্যের বিনিময়ে চুল, ভাঙা মোবাইলসহ বিভিন্ন সামগ্রী সংগ্রহ করতেন। সর্বশেষ তাঁরা নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার উত্তর নাজিরপুর এলাকায় পণ্য কেনাবেচার কাজে ছিলেন। ঈদ সামনে রেখে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রডবোঝাই একটি ট্রাকে করে বাড়ি ফিরছিলেন তাঁরা। কিন্তু সেই ফেরা আর হলো না। পথেই প্রাণ হারালেন ওই ১০ জনসহ মোট ১৫ জন।

সোমবার ভোর সাড়ে ৪টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার যমুনা সেতুর পূর্ব প্রান্ত সংযোগ সড়কের সরাতৈল এলাকায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ১০ জনই নওগাঁর মান্দা উপজেলার ভাঁরশো ইউনিয়নের বাসিন্দা। এর মধ্যে একই গ্রামের সাতজন রয়েছেন।

নিহতরা হলেন—রাজেন্দ্রবাটি গ্রামের তারেক জিয়া (২১), বাদশা মিয়া (৩০), আবদুল বারিক (২০), সোহাগ হোসেন (২১), রবিউল ইসলাম (২৮), মাইনুর ইসলাম (৩০), সাগর হোসেন (২০), পাকুড়িয়া গ্রামের সহোদর মাইনুর রহমান (২৫) ও গিয়াস উদ্দিন (২২), এবং মশিদপুর গ্রামের সুজন আলী (৩৫)।

দুপুরে রাজেন্দ্রবাটি গ্রামে গিয়ে দেখা যায়, শোকাহত মানুষের ভিড়ে ভারী হয়ে উঠেছে পরিবেশ। একই গ্রামের সাতজনের মৃত্যুতে পুরো এলাকা স্তব্ধ।

নিহত বাদশা মিয়ার স্ত্রী সাবিনা ইয়াসমিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, রাতে দুবার কথা হয়েছিল স্বামীর সঙ্গে। মেয়ের জন্য খেলনাও কিনেছিলেন তিনি। এখন স্বামীহারা হয়ে তিনি শুধু একটাই প্রশ্ন করছেন—তার সন্তান কাকে বাবা বলে ডাকবে?

অন্যদিকে নিহত মাইনুর ইসলামের চাচাতো ভাই রবিউল ইসলাম জানান, রোববার বিকেলে তাঁর সঙ্গে ফোনে কথা হয়েছিল। মাইনুর বলেছিলেন, সোমবার রাতে ঈদ করতে বাড়ি ফিরবেন। অসুস্থ মা-বাবা, স্ত্রী এবং তিন বছরের সন্তান নিয়ে তাঁর পরিবার পুরোপুরি তাঁর আয়ের ওপর নির্ভরশীল ছিল। তাঁর মৃত্যুতে পরিবারটি অনিশ্চয়তায় পড়ে গেল।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম জানান, বিভিন্ন গণমাধ্যমে মান্দা উপজেলার ১৩ জন নিহত হওয়ার খবর এলেও এখন পর্যন্ত ১০ জনের পরিচয় নিশ্চিত করা গেছে। আরও কেউ এ তালিকায় আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ আনার বিষয়ে স্বজনদের সহায়তা করছে পুলিশ।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *