
দীর্ঘ বছরের অনিয়ম ও প্রভাবশালী মহলের দখলদারিত্ব ভেঙে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে কোরবানির পশুর হাট উন্মুক্ত করার মাধ্যমে একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে লাকসাম উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানার সাহসী ও দায়িত্বশীল পদক্ষেপ স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে। অনেকের মতে, এই উদ্যোগ আবারও প্রমাণ করেছে—সৎ উদ্দেশ্য, প্রশাসনিক দৃঢ়তা এবং আইনের যথাযথ প্রয়োগ থাকলে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব।

শিক্ষা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা। কিন্তু দীর্ঘদিন ধরে কিছু অসাধু ও প্রভাবশালী মহল স্কুল-কলেজের মাঠকে কোরবানির পশুর হাট হিসেবে ব্যবহার করে আসছিল বলে অভিযোগ রয়েছে। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ মানুষকে নানা ভোগান্তির মুখে পড়তে হয়েছে।

জনস্বার্থ রক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা বজায় রাখা প্রশাসনের অন্যতম দায়িত্ব। সেই দায়িত্ব পালনে লাকসাম উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে অনেকেই সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে দেখছেন।
এদিকে, দৈনিক যুগান্তরে প্রকাশিত একটি প্রতিবেদনের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে উপজেলা প্রশাসন দেখিয়েছে যে, গণমাধ্যমের গঠনমূলক সংবাদ এবং প্রশাসনের আন্তরিকতা একসঙ্গে কাজ করলে দীর্ঘদিনের অনিয়মও দূর করা সম্ভব।
সূত্র: Md. Kamal Uddin / Facebook