
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।
বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
অভিনন্দন বার্তায় আমিরাতের প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন। একই সঙ্গে বাংলাদেশের সরকার ও জনগণের অব্যাহত অগ্রগতি, শান্তি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন তিনি।
শুধু প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানই নন, বাংলাদেশের নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম।
এ ছাড়া দেশটির ভাইস প্রেসিডেন্ট, উপ-প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্সিয়াল কোর্টের চেয়ারম্যান শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ানও মির্জা ফখরুলকে পৃথক বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন।
বার্তাগুলোতে বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত। দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদারে একসঙ্গে কাজ করার প্রত্যাশাও জানানো হয়েছে।
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দীর্ঘদিন ধরে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, বিমান চলাচল, জনশক্তি রপ্তানি এবং জনগণের পারস্পরিক যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে।
বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে বিপুলসংখ্যক বাংলাদেশি নাগরিক কর্মরত ও বসবাস করছেন। তারা দুই দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ক আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব নেওয়ার পর আমিরাতের শীর্ষ নেতৃত্বের এই অভিনন্দনকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।