👁 468 Views

ফেব্রুয়ারিতেই বাজারে আসতে পারে অ্যাপলের নতুন আইফোন

Apple তাদের সাশ্রয়ী স্মার্টফোন লাইনে নতুন সংযোজন হিসেবে ‘আইফোন ১৭ই’ উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। Bloomberg–এর খ্যাতনামা প্রযুক্তি বিশ্লেষক Mark Gurman জানিয়েছেন, মডেলটি খুব শিগগিরই বৈশ্বিক বাজারে আসতে পারে।

সাধারণত বছর শুরুর দিকেই অ্যাপল তাদের বাজেটবান্ধব সংস্করণ বাজারে আনে। গত ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি ‘আইফোন ১৬ই’ উন্মোচনের নজির টেনে প্রযুক্তি বিশ্লেষকেরা মনে করছেন, চলতি ফেব্রুয়ারিতেই নতুন সংস্করণটি আসার সম্ভাবনা বেশি।

আইফোন ১৭ই–এর প্রধান আকর্ষণ হতে পারে এর শক্তিশালী হার্ডওয়্যার আপগ্রেড। ধারণা করা হচ্ছে, এতে অ্যাপলের সর্বাধুনিক ‘এ১৯’ চিপ ব্যবহার করা হবে, যা পারফরম্যান্স ও গতি উল্লেখযোগ্যভাবে বাড়াবে। পাশাপাশি প্রথমবারের মতো এতে ‘ম্যাগসেফ’ ওয়্যারলেস চার্জিং সুবিধা যুক্ত হতে পারে—যা আগের সংস্করণে ছিল না।

গারম্যানের তথ্যমতে, ফোনটিতে অ্যাপলের নিজস্ব প্রযুক্তিতে তৈরি নতুন সেলুলার ও ওয়্যারলেস চিপ সংযোজনের মাধ্যমে নেটওয়ার্ক সংযোগ ব্যবস্থায়ও উন্নতি আনা হতে পারে।

ফিচার বাড়লেও দামের ক্ষেত্রে বড় পরিবর্তন নাও আসতে পারে। ধারণা করা হচ্ছে, আগের মডেলের মতোই এর মূল্য ৫৯৯ ডলার রাখা হতে পারে। তবে স্ক্রিন ডিজাইনে পরিবর্তন আসবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

আগের সংস্করণে প্রচলিত নচ ডিজাইন থাকলেও নতুন মডেলে ‘ডাইনামিক আইল্যান্ড’ যুক্ত হওয়ার গুঞ্জন রয়েছে। যদিও এ বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য নিশ্চিত করেননি গারম্যান।

বিশ্লেষকেরা বলছেন, ২০২৬ সাল অ্যাপলের জন্য ব্যস্ততম সময় হতে যাচ্ছে। আইফোন ১৭ই দিয়ে বছরের সূচনা হলেও পরবর্তী সময়ে ওএলইডি ডিসপ্লে সমৃদ্ধ আইপ্যাড মিনি, নতুন আইপ্যাড এয়ার এবং ‘এম৫’ চিপযুক্ত ম্যাকবুক এয়ার বাজারে আসতে পারে।

এ ছাড়া ১৪ ও ১৬ ইঞ্চি ম্যাকবুক প্রো এবং ম্যাক স্টুডিওর নতুন সংস্করণও উন্মোচনের পরিকল্পনায় রয়েছে বলে জানা গেছে। এখন প্রযুক্তিপ্রেমীরা অপেক্ষা করছেন অ্যাপলের আনুষ্ঠানিক ঘোষণার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *