👁 145 Views

সংসদ অধিবেশন সামনে রেখে বিএনপি এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আজ (শুক্রবার) সকাল সাড়ে ১০টায় গুলশানে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বিএনপি চেয়ারম্যান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় সংসদ সদস্যদের এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিচ্ছেন।

রুদ্ধদ্বার এই কর্মশালার উদ্বোধনী পর্বে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ ও এজেডএম জাহিদ হোসেনসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তারেক রহমান।

অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যানের কন্যা জাইমা রহমানও উপস্থিত ছিলেন।

বিএনপি নেতারা জানান, কর্মশালায় সংসদের কার্যপ্রণালী, আচরণবিধি, বিল প্রণয়ন ও পর্যালোচনা, বাজেট সংক্রান্ত নথি বিশ্লেষণ এবং সংসদীয় কমিটির কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রয়োজনীয় ধারণা দেওয়া হবে। পাশাপাশি অভিজ্ঞ সংসদ সদস্যরা নতুনদের কাছে তাদের অভিজ্ঞতা তুলে ধরবেন।

সরকার ও সরকারি দলের দক্ষতা বাড়ানোই এই কর্মশালার মূল উদ্দেশ্য।

আগামী ১২ মার্চ বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে। গত ২৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেন। অধিবেশনকে সামনে রেখে নতুন এমপিদের প্রস্তুত করতেই এই প্রশিক্ষণের আয়োজন করেছে বিএনপি।

কর্মশালায় সংসদ কার্যকর করতে সাংসদ ও মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব ও ভূমিকা সম্পর্কে আলোচনা করবেন সংসদ বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও প্রবীণ সংসদ সদস্যরা।

দু’দিনব্যাপী এই কর্মশালার প্রথম দিনে সকালে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা অংশ নেবেন। বিকেলে রাজশাহী, রংপুর, ঢাকা ও ফরিদপুর বিভাগের একাংশের এমপিরা অংশ নেবেন। দ্বিতীয় দিন শনিবার সকালে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের বাকি এমপিরা এবং বিকেলে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের এমপিরা অংশ নেবেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মোট ২০৯ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে ১৪৬ জন প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন। ফলে নতুন এমপিদের সংসদীয় বিধিবিধান ও কার্যপ্রণালী সম্পর্কে ধারণা দেওয়ার লক্ষ্যেই এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

দলের এক জ্যেষ্ঠ নেতা জানান, কর্মশালায় কীভাবে পয়েন্ট অব অর্ডার উত্থাপন করতে হয়, বিল প্রণয়ন ও পর্যালোচনা করে আলোচনায় অংশ নিতে হয়, নিজের এলাকার সমস্যা সংসদে কীভাবে তুলে ধরতে হয়, রাষ্ট্রপতির দেওয়া ভাষণের কোন বিষয় নিয়ে আলোচনা করতে হয় এবং সংসদ অধিবেশনে এমপিদের উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে নির্দেশনা দেওয়া হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *