
মানব মহাকাশ অভিযানে নতুন ইতিহাস গড়েছেন NASA-এর Artemis II মিশনের নভোচারীরা। পৃথিবী থেকে সবচেয়ে দূরবর্তী স্থানে পৌঁছে তারা স্থাপন করেছেন নতুন বিশ্বরেকর্ড।
সোমবার (৬ এপ্রিল) গ্রিনিচ মান সময় বিকেল ৩টা ৫৮ মিনিটে নভোচারীরা যখন চাঁদের পেছন দিকে পৌঁছান, তখন পৃথিবী থেকে তাদের দূরত্ব ছিল প্রায় ৪ লাখ ৬ হাজার ৭৮৮ কিলোমিটার। এর আগে কোনো মানুষ এত দূরে ভ্রমণ করেননি।
নভোচারীরা Orion spacecraft-এ করে চাঁদের পেছনে যাওয়ার সময় প্রায় ৪০ মিনিট পৃথিবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে পুনরায় যুক্তরাষ্ট্রের হিউস্টনে থাকা নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ স্থাপিত হয়।

এর আগে সবচেয়ে দূরে যাওয়ার রেকর্ড ছিল ১৯৭০ সালের Apollo 13 মিশনের নভোচারীদের। তারা প্রায় ৪ লাখ ১৭১ কিলোমিটার দূরত্বে গিয়েছিলেন।
১ এপ্রিল যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু করা এই ঐতিহাসিক অভিযানে অংশ নিয়েছেন চার নভোচারী—রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ এবং কানাডার জেরেমি হ্যানসেন।
চাঁদের পেছন দিক থেকে ফিরে এসে ক্রিস্টিনা কোচ বলেন, “পৃথিবীর শব্দ আবার শুনতে পাওয়া সত্যিই দারুণ অনুভূতি।” আর পাইলট ভিক্টর গ্লোভার জানান, পুরো অভিজ্ঞতাই যেন কল্পবিজ্ঞানের মতো লেগেছে।
এই অভিযানে নভোচারীরা একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণও পর্যবেক্ষণ করেন, যা তাদের অভিজ্ঞতাকে আরও অনন্য করে তোলে।
উল্লেখ্য, ১৯৭২ সালের Apollo 17 মিশনের পর এবারই প্রথম কোনো মানুষ পৃথিবীর কক্ষপথের বাইরে ভ্রমণ করছেন। তবে আর্টেমিস–২ মিশনে তারা চাঁদে অবতরণ করবেন না; ১০ দিনের এই যাত্রায় চাঁদের চারপাশ ঘুরে আবার পৃথিবীতে ফিরবেন।
নাসার লক্ষ্য, ২০২৮ সালের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে আবারও মানুষ অবতরণ করানো এবং ভবিষ্যতে নিয়মিত চন্দ্রযাত্রার পথ তৈরি করা।