ট্রাম্পের ভয়াবহ হুঁশিয়ারি: ইরান আজ রাতেই ধ্বংস হতে পারে

 যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার এক চরম হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির সব শর্ত বা দাবি মেনে না নেয়, তাহলে আজ রাতেই দেশটিতে একটি সম্পূর্ণ সভ্যতা ধ্বংস হতে পারে। এই হুঁশিয়ারি তিনি নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশিত এক পোস্টের মাধ্যমে দিয়েছেন।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ট্রাম্পের এই পোস্টে তিনি লিখেছেন, “আমি চাই না এটি ঘটুক, কিন্তু সম্ভবত ঘটতে পারে। এখন যেহেতু আমরা শাসন ব্যবস্থায় সম্পূর্ণ ও সামগ্রিক পরিবর্তন করেছি, যেখানে ভিন্ন, অধিকতর বুদ্ধিমান এবং কম কট্টরপন্থীরা আছেন, হয়তো কিছু বিপ্লবী চমৎকার কিছু ঘটতে পারে।”

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, “কে জানে? আজ রাতেই আমরা জানতে পারব—বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এক মুহূর্ত আসছে। ৪৭ বছরের শোষণ, দুর্নীতি, এবং মৃত্যুর পর ইরানের ইতিহাসে অবশেষে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। ইরানের জনগণকে ঈশ্বর আশীর্বাদ করুন।”

বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে। এর প্রভাব কেবল ইরানের ওপর সীমাবদ্ধ থাকবেনা, বরং আন্তর্জাতিক বাজার, তেলের সরবরাহ ও বিশ্ব রাজনৈতিক পরিস্থিতিতেও প্রভাব ফেলতে পারে।

ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা দিনে দিনে বেড়েই চলেছে। ট্রাম্পের এ ধরনের কঠোর বার্তা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে, বিশেষ করে মধ্যপ্রাচ্য অঞ্চলের স্থিতিশীলতা এবং কূটনৈতিক সম্পর্কের জন্য।

বিশ্বব্যাপী রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যদি ইরান যুদ্ধবিরতির শর্ত গ্রহণ না করে, তাহলে সম্ভাব্য সামরিক প্রতিক্রিয়া শুধু দেশের নিরাপত্তা নয়, বরং পুরো অঞ্চলের জনজীবন ও অর্থনীতির ওপরও মারাত্মক প্রভাব ফেলতে পারে।


সূত্র: আল–জাজিরা, এএফপি

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *