
চলতি বছরের শেষ দিকে দেশের স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তার মতে, নির্বাচন কার্যক্রম শুরু হলে তা সম্পন্ন করতে প্রায় ১০ মাস থেকে এক বছরের মতো সময় লাগতে পারে।
মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত সরকারের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এই তথ্য তুলে ধরেন।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, নির্বাচন আয়োজনের আগে কিছু প্রশাসনিক ও কারিগরি প্রস্তুতি প্রয়োজন, যা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আগেই ধারণা দিয়েছে। এসব প্রস্তুতি শেষ হলেই বছরের শেষ নাগাদ নির্বাচন শুরু করা যাবে।
উপজেলা পরিষদ বিলুপ্ত করার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও স্পষ্ট করেন তিনি।
এছাড়া উপজেলা পরিষদে সংসদ সদস্যদের জন্য কক্ষ বরাদ্দের সিদ্ধান্ত নিয়ে যে আলোচনা চলছে, সেটিকে পরিষদের ক্ষমতা কমিয়ে দেওয়ার বিষয় হিসেবে দেখছেন না বলে জানান জাহেদ উর রহমান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) মো. শাহ আলম।