লাকসাম থানা পুলিশের দুঃসাহসিক অভিযানে গভীর রাতে ডাকাতদলের কবল থেকে ৮টি গরুসহ মিনি ট্রাক উদ্ধার

            ষ্টাফ রিপোর্টার\ লাকসামে গভীর রাতে প্রাণের ঝুঁকি নিয়ে পরিচালিত এক দুঃসাহসিক অভিযানে ডাকাত দলের কবল থেকে ৮টি গরুসহ একটি মিনি ট্রাক উদ্ধার করেছে পুলিশ। অভিযানের নেতৃত্ব ছিলেন, লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী। এ সময় ডাকাতদের হামলায় পুলিশের একটি পিকআপ ভ্যান ও একটি সিএনজি চালিত অটোরিকশা ক্ষতিগ্রস্ত হলেও ওসিসহ পুলিশ সদস্যরা সাহসিকতার সঙ্গে অভিযান অব্যাহত রাখেন।

            গত বুধবার (১৭ই জুন) দিবাগত রাত সোয়া ২টার দিকে লাকসাম উপজেলার বাকই ইউনিয়নের বিজরা এলাকা এবং লালমাই উপজেলার বাগমারা-ভূশ্চি সড়কে এ ঘটনা ঘটে।

            পুলিশ সূত্রে জানা যায়, রাতে লাকসাম থানার একটি টহল দল বিজরা এলাকায় দায়িত্ব পালনকালে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। এ সময় একটি ট্রাক টহল দলের বহনকারী সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিয়ে সড়কের পাশে ফেলে দেয়। ঘটনাস্থলে একটি গরুবোঝাই ও একটি খালি মিনি ট্রাক দেখতে পেয়ে পুলিশ বিষয়টিকে ডাকাতির ঘটনা হিসেবে সন্দেহ করে এবং তাৎক্ষণিক থানার ওসি কাজী কামরুন্নাহার লাইলীকে অবহিত করে।

            খবর পেয়েই ওসি কামরুন্নাহার লাইলী অতিরিক্ত পুলিশ সদস্যদের নিয়ে দ্রæত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেন। একই সঙ্গে আশ-পাশের থানাগুলোকে সতর্ক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালানোর চেষ্টা করলে শুরু হয় রুদ্ধশ্বাস ধাওয়া। পুলিশের ধাওয়ার মুখে ডাকাতরা বিজরা এলাকা হয়ে বরুড়ার চন্ডীমুড়া বাজার অতিক্রম করে লালমাই উপজেলার দিকে পালিয়ে যায়। কিন্তু ওসি লাইলীর নেতৃত্বে পুলিশ তাদের পিছু ছাড়েনি। একপর্যায়ে বাগমারা-ভূশ্চি সড়কে ডাকাতদের ব্যবহৃত একটি ট্রাক হঠাৎ থেমে গিয়ে ধাওয়া করা পুলিশের পিকআপ ভ্যানকে লক্ষ্য করে উল্টো চালিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে পুলিশের পিকআপ ভ্যানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা সৃষ্টি হয়। তবে পরিস্থিতির ভয়াবহতা উপেক্ষা করে ওসি ও পুলিশ সদস্যরা অভিযান অব্যাহত রাখেন।

            পুলিশের তীব্র চাপের মুখে ডাকাতরা গরুবোঝাই ট্রাকটি ফেলে অন্য একটি গাড়িতে করে পালিয়ে যেতে বাধ্য হয়। পরে পুলিশ পরিত্যক্ত ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। উদ্ধার হওয়া ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ন-২০-৮০৩৫। ট্রাকে থাকা ৮টি গরুর মধ্যে ৪টি গাভী ও ৪টি বাছুর রয়েছে।

            জানা যায়, গরুবোঝাই মিনি ট্রাকটি নীলফামারী থেকে লাকসাম ও নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথে ডাকাতরা ট্রাকটির চালক ও গরুর সঙ্গে থাকা অপর ব্যক্তিকে জোরপূর্বক নামিয়ে দিয়ে ট্রাকটির নিয়ন্ত্রণ নেয়।

            লাকসাম থানার ওসি কাজী কামরুন্নাহার লাইলী বলেন, ‘ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছি। আশা করছি দ্রæতই জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে।’

            তিনি আরো বলেন, ‘উদ্ধার হওয়া গরুর মালিকের সন্ধান পেয়ে গরুগুলো তাদের বুঝিয়ে দেয়া হয়েছে। তবে ট্রাকের প্রকৃত মালিকদের শনাক্তের কাজ চলছে। পাশাপাশি নিখোঁজ চালক ও তার সহকারীকে উদ্ধার করা হয়েছে।’

            পুলিশের সাহসী ও দ্রæত পদক্ষেপের ফলে ডাকাতদের বড় ধরনের অপতৎপরতা নস্যাৎ হয়েছে। অভিযানের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলেও পুলিশ সদস্যদের বীরত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করছেন স্থানীয়রা।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *