কুমিল্লা বোর্ডের এইচএসসি পরীক্ষায় ১৫ প্রতিষ্ঠানের সবাই ফেল

চলতি ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৩১৩ শিক্ষার্থী। এ বছর কুমিল্লা বোর্ডের অধীনে ৯২ হাজার ১৬২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ছেলে ৩৬ হাজার ৭২৬ জন এবং মেয়ে ৫৫ হাজার ৪৩৪ জন। শিক্ষাবোর্ডের তথ্যানুযায়ী, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৪৪ হাজার ২৭২ জন। এর মধ্যে ছেলে ১৫ হাজার ৮৫৭ জন এবং মেয়ে ২৮ হাজার ৪১৫ জন। অন্যদিকে, অকৃতকার্য হয়েছে ৪৭ হাজার ৮৯০ জন শিক্ষার্থী।

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এবার ৪৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে মোট চারটি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। তবে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পরীক্ষায় পাস করতে পারেননি। এ প্রসঙ্গে কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শফিকুল ইসলাম জানান, এবার এইচএসসি পরীক্ষার ফলাফল শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক পরীক্ষার ফলাফল সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে প্রকাশ করা হয়। শিক্ষা বোর্ডের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানগুলো ইআইআইএন ব্যবহার করে বোর্ডের ওয়েবসাইটে এবং পরীক্ষার্থীরা মোবাইল এসএমএস-এর মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিজেদের পরীক্ষার ফলাফল জানতে পারছেন।

কুমিল্লা শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফল পরিসংখ্যান মোতাবেক এবারও এইচএসসি পরীক্ষায় ছাত্রদের চেয়ে মেয়েদের ফলাফল ভাল হয়েছে। তবে কুমিল্লা শিক্ষাবোর্ডের এইচএস পরীক্ষায় বিগত বছরের চেয়ে এবার পাশের হার কিছুটা কমেছে। ২০২৫ সালে পাশের হার ছিল ৪৮ দশমিক ৮৬ শতাংশ। সুত্র: টাইমস ন্যাশনাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *