
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার দক্ষিণাঞ্চলে চুরি ও ডাকাতির ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। একের পর এক গরু চুরি, ডাকাতি ও বসতবাড়িতে লুটপাটের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে গভীর রাতে সংঘটিত এসব ঘটনায় জানমাল ও সম্পদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন এলাকাবাসী।
সম্প্রতি উপজেলার বাইশগাঁও ইউনিয়নের পূর্বপাড়া দিঘীরপাড় এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন বাড়ি থেকে দুলাল মিয়ার দুটি গরু চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৩টার দিকে একটি পিকআপভ্যানে গরু দুটি তুলে নিয়ে যাওয়ার সময় এক মাছ শিকারি ঘটনাটি দেখে ফেলেন। এতে দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকায় নেওয়া হয়েছে, সেখানে তাঁর চিকিৎসা চলছে।
একই রাতে বাইশগাঁও ইউনিয়নের দুর্গাপুর গ্রাম থেকেও দুলাল মিয়া নামের আরেক ব্যক্তির বাড়ি থেকে পাঁচটি গরু লুটের খবর পাওয়া গেছে। পরপর এমন ঘটনায় ওই ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এদিকে উপজেলার সরসপুর ইউনিয়নের সাটরা গ্রামের মুন্সীবাড়িতে সংঘটিত হয়েছে আরেকটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা। গত ২৩ নভেম্বর গভীর রাতে সৌদি আরবপ্রবাসী হুমায়ুন কবিরের বাড়িতে হানা দেয় একদল দুর্বৃত্ত। এ সময় বাড়ি থেকে প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ টাকা এবং ২০ হাজার সৌদি রিয়াল লুট করে নিয়ে যায় তারা বলে জানা গেছে।
দীর্ঘদিন প্রবাসে পরিশ্রম করে অর্জিত অর্থ ও সম্পদ হারিয়ে পরিবারটি বর্তমানে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, উপজেলার দক্ষিণাঞ্চলে ধারাবাহিকভাবে চুরি ও ডাকাতির ঘটনা ঘটলেও এসব অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ জরুরি হয়ে পড়েছে। রাতের বেলায় অপরাধীদের তৎপরতা বাড়ায় সাধারণ মানুষ নিজেদের ঘরবাড়ি, গবাদিপশু ও মূল্যবান সম্পদ নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ অবস্থায় বাইশগাঁও ও সরসপুর ইউনিয়নসহ উপজেলার ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে পুলিশি টহল জোরদার, অপরাধীদের শনাক্ত এবং চুরি-ডাকাতির ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর প্রত্যাশা, প্রতিটি ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের দ্রুত শনাক্ত করে লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।