কুমিল্লায় উত্তেজনার মধ্যে বন্ধ মাহফিল, বক্তব্য না দিয়েই ফিরে গেলেন তাহেরী

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার অলিরবাজারে ধর্মীয় আলোচক মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীর পূর্বনির্ধারিত ওয়াজ মাহফিল ঘিরে দিনভর উত্তেজনা বিরাজ করেছে। হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের প্রতিবাদ এবং প্রশাসনের অনুমতি না থাকায় শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায় মাহফিলের আয়োজন। তবে নির্ধারিত অনুষ্ঠানস্থলে বক্তব্য দিতে না পারলেও বিকেলে এলাকায় গিয়ে ভক্ত-অনুসারীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন তাহেরী।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল চারটার দিকে অলিরবাজারে পৌঁছান তিনি। এ সময় তাঁর গাড়ির চারপাশে কয়েক শ ভক্ত-অনুসারী জড়ো হন। পরে ছাদখোলা গাড়ির ওপর দাঁড়িয়ে কয়েক মিনিট বক্তব্য দিয়ে এলাকা ত্যাগ করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, অলিরবাজারের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে তাহেরীর অংশগ্রহণে ওয়াজ মাহফিল আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। তাঁর আগমনকে কেন্দ্র করে বৃহস্পতিবার থেকেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। মাহফিল বন্ধের দাবিতে শুক্রবার সকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা। একই সঙ্গে তাঁকে মাহফিলে বক্তব্য দেওয়ার সুযোগ না দিতে প্রশাসনের কাছে আবেদন জানান তাঁরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকেই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে উপজেলা প্রশাসন ও থানা-পুলিশের পক্ষ থেকে আয়োজকদের মাহফিল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। পুলিশের অনুরোধে আয়োজকেরা মঞ্চ ও মাইকসহ প্রয়োজনীয় সরঞ্জাম সরিয়ে নেন। ফলে নির্ধারিত স্থানে আর মাহফিল অনুষ্ঠিত হয়নি।

হেফাজতে ইসলাম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ইয়াকুব আলী বলেন, প্রশাসনের অনুমতি ছাড়াই মাহফিল আয়োজন করা হচ্ছিল। তাহেরীকে বিতর্কিত বক্তা উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় লোকজনের পাশাপাশি তাঁরাও এ আয়োজনের প্রতিবাদ জানিয়েছেন।

অন্যদিকে মাহফিল আয়োজক কমিটির সদস্য আমির হোসেনের দাবি, অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি অনেক আগে থেকেই নেওয়া হয়েছিল এবং প্রশাসনের কাছে অনুমতির জন্য আবেদনও করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত অনুমতি না পাওয়ায় মাহফিল করা সম্ভব হয়নি। তাঁর ভাষ্য, কোনো ধরনের সংঘাত এড়াতেই তাহেরী নির্ধারিত প্যান্ডেলে না গিয়ে গাড়িতে দাঁড়িয়ে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে ফিরে যান।

গাড়িতে দাঁড়িয়ে দেওয়া বক্তব্যে মাহফিল করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন তাহেরী। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে প্রস্তুতি নেওয়া এই আয়োজন নিয়ে এলাকায় কোনো বিরোধ ছিল না। পুলিশের কাছে আবেদন করার পরও মাহফিল বন্ধ করে দেওয়ার ঘটনাকে তিনি দুঃখজনক বলে উল্লেখ করেন।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা মো. লুৎফর রহমান জানান, প্রশাসনের অনুমতি না থাকায় মাহফিলটি অনুষ্ঠিত হতে দেওয়া হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। উত্তেজনা থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানের কারণে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *