👁 167 Views

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প

রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২৭০ ইলেকটোরাল কলেজের ম্যাজিক ফিগার অতিক্রম করে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবারের নির্বাচনে বিজয়ী হয়ে, তিনি সবচেয়ে বেশি বয়সে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, যার বয়স এখন ৭৮ বছর। এর আগে জো বাইডেন ৭৭ বছর বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।

ডোনাল্ড ট্রাম্প আরও একটি ইতিহাস গড়েছেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট, যিনি ফৌজদারি অপরাধে দণ্ডিত হয়েছেন।

এবারের নির্বাচনে তিনি ৬০ বছর বয়সী ডেমোক্র্যাট প্রার্থী এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে হারিয়েছেন। এর আগে ২০১৬ সালে তিনি নারী প্রার্থী হিলারি ক্লিনটনকে পরাজিত করে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।

এবারের নির্বাচনে বিশেষভাবে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে ভোটের ফলাফলের দিকে সবার নজর ছিল। যদিও শুরুতে ট্রাম্প এবং কমলার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা ছিল, শেষ পর্যন্ত ফলাফলে তার প্রতিফলন দেখা যায়নি।

ট্রাম্প সর্বশেষ উইসকনসিন অঙ্গরাজ্যে জয় পেয়েছেন, যেখানে ১০টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। এ জয়ের মাধ্যমে তিনি ২৭০ ইলেকটোরাল কলেজ ভোট অতিক্রম করেছেন এবং বর্তমানে তাঁর মোট ইলেকটোরাল ভোট সংখ্যা ২৭৫। অন্যদিকে, কমলার ভোট সংখ্যা ২২২।

মঙ্গলবার রাতে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, “আমেরিকার জনগণের জন্য এটি একটি চমৎকার জয়। এটি আমাদের আবারও আমেরিকাকে মহান করার সুযোগ দেবে।” তিনি আমেরিকার জন্য একটি “স্বর্ণযুগ” আসছে বলেও মন্তব্য করেন। এসময় মঞ্চে তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং রানিং মেট জে ডি ভান্স।

যদিও নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ফলাফল এখনো ঘোষণা হয়নি, বিশ্বনেতারা ইতিমধ্যেই ট্রাম্পকে অভিনন্দন জানাতে শুরু করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *