👁 259 Views

মৃত্যুদণ্ডের রায় বাতিল, খালাস পেলেন জামায়াত নেতা আজহারুল

একাত্তরের মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলাম আপিল বিভাগের রায়ে খালাস পেয়েছেন।

আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের আপিল বিভাগ সর্বসম্মতভাবে আজহারুলের করা আপিল মঞ্জুর করেন। আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড এবং পরে আপিল বিভাগে বহাল রাখা সেই রায় বাতিল ঘোষণা করেন। অন্য কোনো মামলায় গ্রেপ্তার না থাকলে তাকে অবিলম্বে মুক্তি দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এই প্রথমবারের মতো মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ মামলায় রিভিউ আবেদনের পর কোনো আসামি আপিল বিভাগে খালাস পেলেন।

এই মামলায় আপিলের শুনানি শেষে গত ৮ মে রায় ঘোষণার জন্য ২৭ মে তারিখ নির্ধারণ করা হয়। সেই অনুযায়ী আজকের কার্যতালিকায় এটি এক নম্বর মামালা হিসেবে অন্তর্ভুক্ত ছিল। সকাল ৯টা ৫৫ মিনিটে আদালত রায় ঘোষণা করেন।

২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। এরপর ২০১৫ সালের ২৮ জানুয়ারি তিনি আপিল করেন। ২০১৯ সালের ৩০ অক্টোবর আপিল বিভাগ সেই দণ্ডাদেশ বহাল রাখে। এর পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয় ২০২০ সালের ১৫ মার্চ। পরে রিভিউ চেয়ে ২০২০ সালের ১৯ জুলাই আবেদন করেন আজহারুল।

এই রিভিউ শুনানির পর গত ২৬ ফেব্রুয়ারি আপিল বিভাগ আবেদনটি গ্রহণ করে এবং দুই সপ্তাহের মধ্যে সংক্ষিপ্তসার জমা দিতে বলে। পরবর্তীতে শুনানি শেষে আজ রায় ঘোষণা করা হলো।

২০১২ সালের ২২ আগস্ট রাজধানীর মগবাজারের বাসা থেকে আজহারুলকে গ্রেপ্তার করা হয় এবং তিনি তখন থেকেই কারাগারে আছেন।

আদালতে আজহারুলের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও সৈয়দ মো. রায়হান উদ্দিন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক ও প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *