
লালমনিরহাটের পাটগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দিয়ে সড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়েছে। ভয়াবহ এ দুর্ঘটনায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে লালমনিরহাট-পাটগ্রাম-বুড়িমারী মহাসড়কের ঘুন্টি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের গুড়িয়াটারী উফারমারা গ্রামের ফাতুল মিয়া (৩৫), মোস্তাকিম (৩৮), আনোয়ার হোসেন (২০) এবং একই ইউনিয়নের ইসলামপুর ডাঙ্গাপাড়া গ্রামের নুর আমিন (৩০)।
পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সকালে বুড়িমারী স্থলবন্দর থেকে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা পাটগ্রামের দিকে যাচ্ছিল। ঘুন্টি বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সামনে থেকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনার পর নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি সড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। গুরুতর আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।
আহতদের মধ্যে বাদশা (৫৫), জাফর উদ্দিন (৬০), দিপু মিয়া (৩০), মিশন মিয়া (২০), সাইফুল ইসলাম (৩২), আইনুল হক (৩৫)সহ সাতজনকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ করা হয়নি। পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেওয়ার আবেদন করায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়। দুর্ঘটনার কারণ ও ট্রাকটির চালকের বিষয়ে পুলিশ খোঁজখবর নিচ্ছে।