
নিজস্ব প্রতিনিধি\ চাঁদপুরের শাহরাস্তিতে সন্ধ্যার পর অযাচিতভাবে ঘোরাফেরা এবং অপরাধপ্রবণতা ঠেকাতে বিশেষ অভিযান চালিয়ে ৪৫ কিশোরকে আটক করেছে পুলিশ।
পুলিশের দাবি, আটককৃতরা কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত এবং তাদের অনলাইন জুয়া, মাদক ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ থেকে দূরে রাখতে এ অভিযান চালানো হয়েছে।
গত রোববার (২৭শে সেপ্টেম্বর) রাত ৮টায় শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশের একাধিক দল উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, অভিযানে উপজেলার নিজ মেহের, ওয়ারুক, ওয়াকওয়ে, শোরসাক, মেহের স্টেশন, সাহাপুর, দোয়াভাংগা, খিলা ও উঘারিয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা ৪৫ কিশোরকে আটক করা হয়।
শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, মোবাইল ফোনের প্রতি অতিরিক্ত আসক্তির কারণে অনেক কিশোর-তরুণ অনলাইন জুয়া, মাদক ও ইভটিজিংয়ের মতো অপরাধে জড়িয়ে পড়ছে।
অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, আটককৃতদের মধ্যে যাদের বিরুদ্ধে থানায় কোন অভিযোগ নেই তাদেরকে অভিভাবকের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। তবে ভবিষ্যতে একই অপরাধে আটক হলে আর ছাড়া হবে না।
অপরাধপ্রবণতা থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, কিশোরদের সন্ধ্যার পর অযাচিতভাবে ঘোরাফেরা না করে পড়াশোনা ও ইতিবাচক কর্মকান্ডে সম্পৃক্ত থাকার বিষয়ে অভিভাবকদেরও সচেতন হতে হবে।