প্রাইভেট কারে এসে মাদ্রাসার দানবাক্স লুট, সিলেটে আতঙ্ক

সিলেট নগরে এবার লুট হয়েছে একটি মাদ্রাসার দানবাক্সের টাকা। চাঞ্চল্যকর এ ঘটনায় ব্যবহার করা হয়েছে প্রাইভেট কার। বৃহস্পতিবার দিবাগত রাতে নগরের ১০ নম্বর ওয়ার্ডের ঘাসিটুলা জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসার গেটের সামনে এ ঘটনা ঘটে। একই রাতে আরও কয়েকটি মসজিদের দানবাক্স থেকেও টাকা চুরির অভিযোগ উঠেছে।

দানবাক্স চুরির একটি সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ফুটেজে দেখা যায়, ভোররাত আনুমানিক ৩টা ৪৬ মিনিটে একটি সাদা প্রাইভেট কার এসে মাদ্রাসার সামনে থামে। কিছুক্ষণ পর গাড়ি থেকে দুই যুবক নেমে ড্রিল মেশিন ব্যবহার করে দানবাক্সের তালা ভেঙে টাকা নিয়ে নেয়।

এসময় একটি মোটরসাইকেল পাশ দিয়ে চলে গেলে তারা কিছুক্ষণ অপেক্ষা করে। পরে আবার একজন নেমে দানবাক্সে থাকা বাকি টাকাও নিয়ে গাড়িতে উঠে পড়ে। এরপর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে প্রাইভেট কারটি।

এলাকাবাসীর দাবি, একই কৌশলে ওই রাতে নগরের আরও কয়েকটি মসজিদের দানবাক্স থেকেও টাকা চুরি করা হয়েছে। তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মাইনুল জাকির বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটির ভিডিও দেখেছেন তারা। যদিও এখনো কেউ আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেননি। তবে দুইজন সাব-ইন্সপেক্টরসহ পুলিশের একটি দল ঘটনাটি তদন্তে কাজ করছে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *