নবম পে স্কেল নিয়ে নতুন আলটিমেটাম, ১২ জুন থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা

আসন্ন জাতীয় বাজেটে নবম পে স্কেলের জন্য বরাদ্দ না রাখা হলে আগামী ১২ জুন থেকে কেন্দ্রীয় শহীদ মিনারসহ দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় প্রেস ক্লাব চত্বরে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

শনিবার (১৬ মে) জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে নবম জাতীয় পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে আয়োজিত মৌন মিছিল ও কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশে এ ঘোষণা দেন আবদুল মালেক।

তিনি বলেন, সচিব পর্যায়ের সুপারিশ দ্রুত চূড়ান্ত করে আসন্ন জাতীয় বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করতে হবে। পাশাপাশি দ্রুত প্রজ্ঞাপন জারি করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সমাবেশে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সদস্যসচিব আশিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন বেতন বৃদ্ধি না হওয়ায় অধিকাংশ সরকারি কর্মচারী ঋণ ও অর্থনৈতিক সংকটে পড়েছেন। বর্তমান বেতনে পরিবার পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, বাসাভাড়া, গ্যাস, বিদ্যুৎ, পানি, চিকিৎসা ও শিক্ষা ব্যয় বহন করতে গিয়ে কর্মচারীরা মানবিক সংকটে পড়ছেন। আসন্ন বাজেটে নবম পে স্কেলের জন্য প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করে দ্রুত প্রজ্ঞাপন জারি করা হলে প্রায় ২২ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের মধ্যে স্বস্তি ফিরে আসবে। অন্যথায় কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হতে পারে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *