বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হয়েও এমবাপ্পের আক্ষেপ, মেসিকে নিয়ে বড় ভবিষ্যৎবাণী

মাঠের লড়াইয়ে কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসির শ্রেষ্ঠত্বের দ্বৈরথ ফুটবলপ্রেমীদের জন্য সবসময়ই বাড়তি রোমাঞ্চের। এবার চলতি ফিফা বিশ্বকাপের মঞ্চে এক অভাবনীয় নাটকের জন্ম দিলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। একই ম্যাচে জোড়া গোল করে লিওনেল মেসির রেকর্ড ভাঙার পাশাপাশি, আজ রাতের মেগা ফাইনালে গোল করার জন্য আর্জেন্টাইন জাদুকরকে এক প্রকার উসকে দিলেন তিনি।

চলতি আসরের সেমিফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপার দৌড় থেকে ছিটকে গিয়েছিল ফ্রান্স। তবে মায়ামিতে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী হাই-ভোল্টেজ ম্যাচে সবার নজর ছিল এমবাপ্পের ওপর। ম্যাচে ফ্রান্স ৬-৪ ব্যবধানে হারলেও এমবাপ্পে ব্যক্তিগত অর্জনে ইতিহাস গড়েছেন।

ম্যাচের ৪৮ মিনিটে নিজের প্রথম গোলটি করে আসরের ‘গোল্ডেন বুট’ জয়ের দৌড়ে মেসিকে ছাড়িয়ে যান তিনি। সেই সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ ২১ গোলের রেকর্ডে মেসিকে স্পর্শ করেন। তবে এই রেকর্ড স্থায়ী হয়েছিল মাত্র ১৮ মিনিট। ৬৬ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করার মাধ্যমে ২২ ম্যাচে ২২ গোল নিয়ে এককভাবে বিশ্বকাপের সর্বকালের শীর্ষ গোলদাতার সিংহাসনে বসেন এই ফরাসি ফরোয়ার্ড।

এই জোড়া গোলের সুবাদে গোল্ডেন বুটের লড়াইয়েও মেসির চেয়ে ব্যবধান বাড়িয়েছেন এমবাপ্পে। বর্তমানে ১০ গোল ও ৪ অ্যাসিস্ট নিয়ে শীর্ষে আছেন তিনি, আর ৮ গোল ও ৪ অ্যাসিস্ট নিয়ে তার পেছনেই আছেন লিওনেল মেসি।

তবে আজ রাতে স্পেনের বিরুদ্ধে ফাইনালে নামছে আর্জেন্টিনা। ফলে মেসির সামনে সুযোগ থাকছে এমবাপ্পের এই দুই রেকর্ডই নতুন করে ভেঙে দেওয়ার। ম্যাচ শেষে ফক্স স্পোর্টসের মুখোমুখি হয়ে এমবাপ্পে নিজেই মেসিকে নিয়ে এক বড় ভবিষ্যৎবাণী করেছেন। তিনি বলেন, “লিও সব সময়ই গোল করতে জানে। আজ রাতের ফাইনালেও সে গোল পাবে।”

তবে এমন মহাকাব্যিক রেকর্ডের মালিক হয়েও মনে শান্তি নেই ফরাসি তারকার। ফাইনালে খেলতে না পারার আক্ষেপ প্রকাশ করে এমবাপ্পে অকপটে স্বীকার করেন, “বিশ্বকাপের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার চেয়ে আজ রাতের ফাইনাল ম্যাচটি খেলার সুযোগ পাওয়াটাই আমার কাছে বেশি পছন্দের হতো। ক্যারিয়ারের লিগ্যাসি বা অর্জনের বিতর্কে ইতি টানার জন্য এই রেকর্ড হয়তো দারুণ, কিন্তু এই মুহূর্তে আমার মাথায় এসবের কিছুই কাজ করছে না।”

এমবাপ্পের এই অনন্য কীর্তির পর এখন বিশ্বজুড়ে কোটি ফুটবল ভক্তের চোখ আজ রাতের ফাইনালের দিকে। মেসি কি পারবেন এমবাপ্পের উসকে দেওয়া এই চ্যালেঞ্জ লুফে নিয়ে গোল্ডেন বুট ও সর্বোচ্চ গোলের সিংহাসন পুনরুদ্ধার করতে? উত্তর মিলবে মাঠের লড়াইয়েই।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *