
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে নরওয়ে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা কামনা করেছেন। একই সঙ্গে বাংলাদেশ-নরওয়ে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং শিক্ষা-প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকোন আরাল্ড গুলব্র্যান্ডসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, বাণিজ্য ও বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালে নরওয়ের স্বীকৃতি এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, বর্তমান সরকারের বৈদেশিক নীতির মূল ভিত্তি জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব, নিরাপত্তা, গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার ও আইনের শাসন।
রাষ্ট্রদূত বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির প্রশংসা করে জানান, নরওয়ে এখন উন্নয়ন সহায়তার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে। এ প্রেক্ষাপটে স্বরাষ্ট্রমন্ত্রী ওষুধ, চামড়াজাত পণ্য, আইটি সেবা, পাটজাত পণ্য ও হস্তশিল্পসহ উচ্চমূল্যের পণ্যের রপ্তানি বাড়ানোর সম্ভাবনার কথা তুলে ধরেন এবং নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি, জাহাজ নির্মাণ ও প্যাকেজিং শিল্পে নরওয়ের বিনিয়োগ আহ্বান করেন।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশ হিসেবে বাংলাদেশে পরিবেশবান্ধব ও কম-কার্বন প্রযুক্তিনির্ভর প্রকল্পে সহযোগিতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেন তিনি। পাশাপাশি শিক্ষা, গবেষণা, প্রযুক্তিগত সহযোগিতা, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নরওয়ের শিক্ষাবৃত্তি সম্প্রসারণের আহ্বান জানান।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গাদের জন্য নরওয়ের মানবিক সহায়তার প্রশংসা করেন। তবে তিনি বলেন, বিপুলসংখ্যক রোহিঙ্গার দীর্ঘমেয়াদি অবস্থান বাংলাদেশের নিরাপত্তা ও অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ। এ সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ও জোরালো ভূমিকা প্রয়োজন।
জবাবে নরওয়ের রাষ্ট্রদূত আশ্বাস দেন, জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ ও নরওয়ের সহযোগিতা অব্যাহত থাকবে এবং বাংলাদেশের উন্নয়ন ও স্থিতিশীলতায় নরওয়ে ভবিষ্যতেও পাশে থাকবে।