১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, ৮০% নারী রাখার উদ্যোগ

গ্রামের মানুষের কাছে এখনো পর্যাপ্ত স্বাস্থ্যসেবা পৌঁছায়নি—এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, দেশে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে, যার বড় অংশই নারী হবেন।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গণে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী।

প্রধানমন্ত্রী বলেন, নতুন নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীদের মূল কাজ হবে গ্রাম পর্যায়ে গিয়ে ঘরে ঘরে স্বাস্থ্যসেবা ও সচেতনতা পৌঁছে দেওয়া। বিশেষ করে নারীদের স্বাস্থ্য, পুষ্টি, জীবনযাপন এবং বিভিন্ন রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে তারা ভূমিকা রাখবেন। শহরেও তাদের কার্যক্রম থাকবে, তবে গ্রামাঞ্চলেই বেশি গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও জানান, মানুষকে সচেতন করে অসুস্থতার হার কমানো গেলে হাসপাতালগুলোর ওপর চাপ কমবে এবং যারা চিকিৎসা নেবেন, তারা আরও ভালো সেবা পাবেন।

বক্তব্যে প্রধানমন্ত্রী সুনামগঞ্জসহ হাওরাঞ্চলে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে কৃষকদের ক্ষতির বিষয় তুলে ধরেন। পাশাপাশি চট্টগ্রাম ও সিলেটসহ বিভিন্ন শহরের জলাবদ্ধতা সমস্যার কথা উল্লেখ করে জানান, সরকার তা সমাধানে কাজ করছে।

জলাবদ্ধতা মোকাবিলায় খাল পুনঃখননের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এতে অতিরিক্ত পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনা সহজ হবে, যা কৃষি ও দৈনন্দিন ব্যবহারে সহায়ক হবে। একই সঙ্গে ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত নিচে নেমে যাওয়াকে উদ্বেগজনক বলে উল্লেখ করেন তিনি।

নদী দূষণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, প্লাস্টিক ও পলিথিন বর্জ্যের কারণে নদীর তলদেশে স্তর জমে পানি দূষিত হচ্ছে। বুড়িগঙ্গা নদী ইতোমধ্যে মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে বলেও তিনি উল্লেখ করেন। এ অবস্থায় জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান।

যোগাযোগ খাত নিয়ে তিনি বলেন, শুধু সড়ক উন্নয়ন যথেষ্ট নয়—রেলপথের উন্নয়নেও গুরুত্ব দিতে হবে। এতে কম খরচে বেশি মানুষ যাতায়াত করতে পারবে এবং সড়কের চাপও কমবে।

এছাড়া বন্ধ কলকারখানা চালু করা, বিনিয়োগ বাড়ানো, আইটি খাত উন্নয়ন এবং সিলেটে নতুন ক্রীড়া কর্মসূচি চালুর কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকারের মেয়াদ অল্প হলেও ইতোমধ্যে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *