আগামীকাল ঘোষণা হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা (রোডম্যাপ) আগামীকাল বৃহস্পতিবার ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, “আমরা যে কর্মপরিকল্পনা (রোডম্যাপ) প্রস্তুত করেছি, তা আপনাদের জানাবো। ঢাকার বাইরে থাকার কারণে কিছুটা দেরি হয়েছে। পরিকল্পনাটি এখন আমার টেবিলে আছে। আগামীকাল পর্যন্ত অপেক্ষা করুন।”

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবের অংশগ্রহণে অনুষ্ঠিত বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুমোদন করা হয়।

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, যেকোনো সময়ই এই রোডম্যাপ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে।

এ বিষয়ে এক নির্বাচন কমিশনার বলেন, “কর্মপরিকল্পনার সবকিছু চূড়ান্ত হয়েছে। অনুমোদনও দেওয়া হয়েছে, এখন শুধু টাইপিংয়ের কাজ চলছে।”

উল্লেখ্য, নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে ইসির রোডম্যাপে দল নিবন্ধন, সীমানা নির্ধারণ, নির্বাচন পর্যবেক্ষক নিয়োগ, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংস্কার, বিধিমালা ও নীতিমালা প্রণয়ন, প্রবাসীদের জন্য আইটি-সাপোর্টেড নিবন্ধন ও ডাকযোগে ভোট (পোস্টাল ব্যালট) ব্যবস্থা এবং নির্বাচনী সরঞ্জাম কেনাকাটার মতো বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

স্বদেশ রেস্তোরাঁ এন্ড পাটি সেন্টার