ঈদযাত্রা নিরাপদ করতে কঠোর নির্দেশনা স্বরাষ্ট্রমন্ত্রীর

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলন ২০২৬-এর চতুর্থ দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নেওয়া সিদ্ধান্ত দ্রুত মাঠপর্যায়ে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। ঈদকে কেন্দ্র করে সড়ক-মহাসড়ক ও রেলপথের পাশে কোনো পশুর হাট বসতে দেওয়া হবে না বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, বড় পশুর হাটগুলোতে জালনোট শনাক্তকরণ মেশিন রাখা হবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করে টহল দেবেন।

ঈদের সাত দিন আগে পুলিশ সদরদপ্তর-এ একটি কেন্দ্রীয় মনিটরিং সেল স্থাপন করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, দেশের মহাসড়কগুলো সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হবে।

ফেরিঘাটে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে মাইকিং ও সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

চামড়া শিল্প রক্ষায় সরকারের বিশেষ পরিকল্পনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উপজেলা পর্যায়ে বিনামূল্যে পর্যাপ্ত লবণ সরবরাহ করা হবে, যাতে স্থানীয় পর্যায়েই সাত দিন পর্যন্ত কোরবানির পশুর চামড়া সংরক্ষণ করা যায়।

প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *