প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ শফিকুর রহমানের, দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা

সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা রাজপথে থাকবেন এবং দাবি আদায় করেই ঘরে ফিরবেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার শিমরাইলে ঢাকা–চট্টগ্রাম লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, সরকার একের পর এক প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করছে না। জনগণের সঙ্গে ওয়াদা করে তা লঙ্ঘন করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের জন্য জনগণ সরকারকে ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন তিনি।

২০২৪ সালের জুলাই গণ–অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে এই সড়কেই অনেকে রক্ত দিয়েছেন। কিন্তু তাঁদের প্রত্যাশা ও দাবিগুলো এখনো পূরণ হয়নি। সেই দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যেই তাঁরা আবার রাজপথে নেমেছেন।

তিনি বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণ–অভ্যুত্থানের চেতনা প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের মৌলিক সুবিধা নিশ্চিত করার দাবিতে এই আন্দোলন চলছে। একই সঙ্গে মানুষের ঘরে গ্যাস ফিরিয়ে দেওয়া এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবিও তুলে ধরেন তিনি।

পথসভায় ১১–দলীয় জোটের ঐক্যের বিষয়টিও তুলে ধরেন শফিকুর রহমান। তিনি বলেন, ১১টি দল জনগণের পাশে রয়েছে এবং জনগণও তাঁদের সঙ্গে রয়েছে। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সফলতা অর্জন করে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবিতে শনিবার সকালে রাজধানী থেকে ঢাকা–চট্টগ্রাম লংমার্চ শুরু হয়। লংমার্চের অংশ হিসেবে শিমরাইলে আয়োজিত পথসভায় জোটের নেতারা বক্তব্য দেন। শফিকুর রহমানের বক্তব্য শেষে লংমার্চটি চট্টগ্রামের উদ্দেশে আবার যাত্রা শুরু করে।

পথসভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবদুল জব্বার। এ সময় বক্তব্য দেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ জোটের অন্যান্য নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *