
বাংলাদেশে জুলাই বিপ্লবের মাধ্যমে গড়ে ওঠা জাতীয় ঐক্য প্রথম ক্ষুণ্ন করার পাশাপাশি শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে বিএনপি গাদ্দারি করেছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
গত শুক্রবার (১৭ জুলাই) রাতে দিনাজপুরের হিলি পৌর শহরের খাদ্যগুদাম মোড়ে এনসিপির হাকিমপুর উপজেলা শাখা আয়োজিত ‘জুলাই গড়তে পদযাত্রা’ শীর্ষক এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধান, কর্মসংস্থান বৃদ্ধি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে এ পদযাত্রার আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বাংলাদেশে জুলাইয়ের যে অভূতপূর্ব ঐক্য গড়ে উঠেছিল, তা প্রথম ভেঙেছে বিএনপি। শুধু তাই নয়, জুলাইয়ের চেতনাকে প্রথম বিকৃত এবং শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে যদি কেউ প্রথম গাদ্দারি করে থাকে, তবে তা বিএনপিই করেছে।”
বিএনপিকে সতর্ক করে দিয়ে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, “বিএনপি যদি তাদের অবস্থান সংশোধন করে সঠিক পথে ফিরে আসে, তবে ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশে আবারও ঐক্যবদ্ধ আন্দোলন সম্ভব। কিন্তু তারা যদি বিগত আওয়ামী লীগ সরকারের মতো একই ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করার চেষ্টা করে, তবে আগামী দিনে তাদের বিরুদ্ধেও আমাদের কঠোর প্রতিরোধ ও সংগ্রাম গড়ে তোলা হবে।”
পদযাত্রা ও সমাবেশে আরও বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সারজিস আলম। তিনি ভারতের সাম্প্রতিক নানা ভূমিকার তীব্র সমালোচনা করে বলেন, “যারা আমাদের দেশের একজন গণহত্যাকারীকে (শেখ হাসিনা) আশ্রয় দেয়, ওসমান হাদীর মতো শহীদের হত্যাকারীদের লালন করে, তারা কখনোই আমাদের প্রকৃত বন্ধু হতে পারে না।”
সীমান্ত ও পানি আগ্রাসনের কথা উল্লেখ করে সারজিস আলম আরও বলেন, “আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে যারা খরার সময়ে আমাদের ন্যায্য পানির হিস্যা না দিয়ে আটকে রাখে, আবার বর্ষার মৌসুমে হঠাৎ করে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে বন্যার মাধ্যমে মানুষ হত্যার উৎসব চালায়, তারা আমাদের ভালো প্রতিবেশী বা সুহৃদ হতে পারে না।”
হিলিতে আয়োজিত এই রাজনৈতিক পদযাত্রায় স্থানীয় সাধারণ জনগণ এবং এনসিপির বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। বক্তারা জুলাই বিপ্লবের চেতনা ধরে রেখে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তোলার আহ্বান জানান।