নেইমারকে নিয়ে শেষ ফেসবুক পোস্ট, ১৫ মিনিট পর সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় হৃদয়বিদারক এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মো. জুয়েল রানা (২৫) নামের এক তরুণ। সোমবার সকাল ১১টার দিকে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, “দল হারবে, জিতবে কিন্তু নেইমারের জন্য হারটা মানতে পারছি না।” সেই পোস্ট করার মাত্র ১৫ মিনিট পর, সকাল সোয়া ১১টার দিকে দারোগা বাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় করে দোকানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। আকস্মিক এ ঘটনায় পরিবার, স্বজন ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

নিহত জুয়েল রানা বাঁশখালীর চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরিত্ত্যাপাড়া এলাকার শামশুল ইসলামের ছেলে। তিনি উপজেলা সদরে পরিবারের কাপড়ের ব্যবসা দেখাশোনা করতেন।

প্রতিবেশীরা জানান, জুয়েল শুধু একজন ব্যবসায়ীই ছিলেন না, তিনি একজন দক্ষ ফুটবলারও ছিলেন। কয়েক দিন আগেই চাম্বল মাঠে অনুষ্ঠিত একটি ফুটবল টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। তার আকস্মিক মৃত্যু মেনে নেওয়া এলাকার মানুষের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

জুয়েলের ছোট ভাই মো. আরাফাত বলেন, ব্রাজিলের পরাজয়ের কারণে ভাইয়ের মন আগে থেকেই খারাপ ছিল। এরপর দোকানের উদ্দেশে সিএনজিচালিত অটোরিকশায় রওনা দিলে পথেই দুর্ঘটনার শিকার হয়ে তিনি মারা যান।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল হক জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত দুটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মামলার প্রক্রিয়া চলছে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *