জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তার প্রথম নিউইয়র্ক সফর এবং প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে তার প্রথম ভাষণ।

পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার (২৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী ২১ থেকে ২৯ সেপ্টেম্বর অথবা এর কাছাকাছি সময়ে নিউইয়র্কে অবস্থান করতে পারেন।

সফরে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশের অবস্থান বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন তিনি।

এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতিত্ব করবেন সংস্থাটির নবনির্বাচিত সভাপতি এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। একই অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির উপস্থিতি দেশের কূটনৈতিক গুরুত্ব আরও বাড়াবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানেও অংশ নেবেন বলে জানা গেছে।

নিউইয়র্ক সফরকালে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি মতবিনিময় সভায়ও যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এ ছাড়া সফরের সময় কয়েকটি দেশের সরকারপ্রধানের সঙ্গে সাইডলাইনে দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে। সম্ভাব্য এসব বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়, অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতাসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বড় কূটনৈতিক উপস্থিতি হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

স্বদেশ রেস্তোরাঁ এন্ড পাটি সেন্টার