সন্ত্রাসী-চাঁদাবাজদের নির্মূলে কঠোর অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এসব অপরাধীর বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তাদের দ্রুত আইনের আওতায় এনে সংঘবদ্ধ সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল করা হবে।

আজ রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সন্ত্রাসী হামলায় আহত ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে গিয়ে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এ নির্দেশ দেন।

হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সব মেট্রোপলিটন এলাকায় চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে তাদের নির্মূল করা হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ও কঠোর ভূমিকা পালন করতে হবে।

এ সময় সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনও উপস্থিত ছিলেন। দুই মন্ত্রী চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহত অধ্যাপক ডা. আসাদুর রহমানের চিকিৎসার খোঁজখবর নেন। তারা তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন এবং চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

কয়েকদিন আগে রাজধানীর শান্তিনগরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

স্বদেশ রেস্তোরাঁ এন্ড পাটি সেন্টার