মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, সন্ধ্যায় শপথ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় নতুন করে আরও চারজন সদস্য যুক্ত হতে যাচ্ছেন। তাঁদের মধ্যে তিনজন মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারেন। সংশ্লিষ্ট সরকারি ও বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে।

রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শুক্রবার সন্ধ্যায় শপথ নেওয়ার পর নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বঙ্গভবনে এ শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতিও নেওয়া হয়েছে।

সূত্র অনুযায়ী, নতুন মন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ এবং বান্দরবান আসনের সংসদ সদস্য ও বিএনপির জেলা শাখার আহ্বায়ক সাচিং প্রু জেরী। প্রতিমন্ত্রী হিসেবে আলোচনায় রয়েছেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

সাচিং প্রু জেরী জানিয়েছেন, তাঁকে ফোন করে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বঙ্গভবনে উপস্থিত থাকতে বলা হয়েছে। তবে শপথের বিষয়ে এর বাইরে বিস্তারিত কিছু জানাননি তিনি।

নতুন সদস্যদের শপথ ঘিরে সরকারি প্রস্তুতিরও ইঙ্গিত মিলেছে। সরকারি যানবাহন অধিদপ্তর থেকে ছয়টি গাড়ি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট একজন কর্মকর্তা। মন্ত্রিসভায় নতুন সদস্য যুক্ত হওয়ার বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি সরাসরি নিশ্চিত বা অস্বীকার করেননি। তিনি জানিয়েছেন, এ বিষয়ে তাঁকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের সময় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য ছিলেন ৫০ জন। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী ছিলেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা রয়েছেন, যাঁদের পাঁচজন মন্ত্রী ও পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন; তবে তাঁরা মন্ত্রিসভার সদস্য নন।

নতুন তিন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী শপথ নিলে মন্ত্রিসভার মোট সদস্যসংখ্যা বেড়ে দাঁড়াবে ৫৪ জনে। তখন প্রধানমন্ত্রী ছাড়া মন্ত্রীর সংখ্যা হবে ২৮ এবং প্রতিমন্ত্রী ২৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

স্বদেশ রেস্তোরাঁ এন্ড পাটি সেন্টার